Sylhet Today 24 PRINT

সালসবুর্গকে হারিয়ে রিয়াল মাদ্রিদ আর পাচুকাকে হারিয়ে আল হিলাল নকআউট পর্বে

ফিফা ক্লাব বিশ্বকাপ

স্পোর্টস ডেস্ক |  ২৭ জুন, ২০২৫

ছবি: সংগৃহীত

ফিফা ক্লাব বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে সালসবুর্গকে ৩-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। এই জয়ের ফলে সাত পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে থেকে টুর্নামেন্টের শেষ ষোলোতে জায়গা করে নিল লস ব্লাঙ্কোসরা।

প্রথম ম্যাচে আল-হিলালের বিপক্ষে ড্র করার পর পাচুকা এবং সালসবুর্গকে হারিয়ে নকআউট পর্বে পা রাখল জাবি আলোনসোর দল।

ম্যাচের প্রথম গোলটি আসে ৪০তম মিনিটে। প্রতিপক্ষ ডিফেন্ডারকে কাটিয়ে বক্সের বাইরে থেকে বাঁ পায়ে নিখুঁত শটে গোল করেন এই ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ার জুনিয়ার।

এরপর প্রথমার্ধের যোগ করা সময়ে আবারও ভিনিসিয়াসের অ্যাসিস্ট থেকে গোল করেন ফেদে ভালভার্দে। দারুণ এক ব্যাকহিল পাসে ফেদের সামনে সুযোগ তৈরি করেন ভিনি, আর উরুগুয়ান মিডফিল্ডার জোরালো শটে গোল করতে ভুল করেননি।

৮৪তম মিনিটে তরুণ ফরোয়ার্ড গঞ্জালো গার্সিয়া ডিফেন্ডারকে চাপে ফেলে বল কেড়ে নিয়ে অসাধারণ এক চিপ শটে গোল করেন।

গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে রিয়াল মাদ্রিদের শেষ ষোলো প্রতিপক্ষ ইতালির ক্লাব জুভেন্টাস। ম্যাচটি অনুষ্ঠিত হবে ২জুলাই (শনিবার) মায়ামির হার্ড রক স্টেডিয়ামে, বাংলাদেশ সময় রাত ১টায়।

এইচ গ্রুপ থেকে অপর দল হিসেবে আল হিলাল উঠেছে নকআউট পর্বে। সৌদি ক্লাবটি ২-০ গোলে মেক্সিকোর ক্লাব পাচুকাকে হারায়। নকআউট পর্বে আল হিলালের প্রতিপক্ষ ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.