স্পোর্টস ডেস্ক | ২৭ জুন, ২০২৫
ফিফা ক্লাব বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ। ৩২ দলের প্রতিযোগিতা এখন গড়াল শেষ ষোলোয়।
গ্রুপ পর্বের সবচেয়ে বড় চমক ছিল ইউরোপীয় পরাশক্তি প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ও চেলসির হার, তা ব্রাজিলিয়ান ক্লাব বোতাফোগো ও ফ্ল্যামেঙ্গোর বিপক্ষে।
বিদায় নিতে হয়েছে আতলেতিকো মাদ্রিদ, এফসি পোর্তো এবং সালসবুর্গের মতো ইউরোপিয়ান ক্লাবকে।
দক্ষিণ আমেরিকায়ও এসেছে ধাক্কা-গ্রুপ পর্ব থেকেই ছিটকে পড়েছে আর্জেন্টিনার ঐতিহ্যবাহী দুই ক্লাব বোকা জুনিয়র্স ও রিভার প্লেট।
বিশ্বকাপে অংশ নিয়েছে ব্রাজিলের চারটি ক্লাব এবং চারটা ক্লাবই উঠেছে নকআউট পর্বে।
গ্রুপ পর্বে দেখা গেছে বায়ার্ন মিউনিখের ১০-০ গোলে অকল্যান্ড সিটিকে উড়িয়ে দেওয়া। আবার পোর্তো ও আল আহলির ৪-৪ গোলের থ্রিলারও ছুঁয়েছে দর্শক হৃদয়!
শেষ ষোলোয় জায়গা করে নেওয়া ১৬ দল হলো-পালমেইরাস, বোতাফোগো, পিএসজি, চেলসি, ফ্লামেঙ্গো, ইন্টার মিয়ামি, ইন্টার মিলান, ফ্লুমিনেন্স, বেনফিকা, বায়ার্ন মিউনিখ, বরুশিয়া ডর্টমুন্ড, মন্টেরে, জুভেন্টাস, ম্যানচেস্টার সিটি, রিয়াল মাদ্রিদ, আল হিলাল।
কে কার মুখোমুখি
২৮ জুন: পালমেইরাস-বোতাফোগো (ফিলাডেলফিয়া)
২৯ জুন: বেনফিকা-চেলসি (শার্লট), পিএসজি-ইন্টার মিয়ামি (আটলান্টা)
৩০ জুন: ফ্লামেঙ্গো-বায়ার্ন মিউনিখ (মিয়ামি গার্ডেন্স)
১ জুলাই: ইন্টার মিলান-ফ্লুমিনেন্স (শার্লট), ম্যান সিটি-আল হিলাল (অরল্যান্ডো)
২ জুলাই: রিয়াল মাদ্রিদ-জুভেন্টাস (মিয়ামি গার্ডেন্স), ডর্টমুন্ড-মন্টেরে (আটলান্টা)