সিলেটটুডে ডেস্ক | ২৯ জুন, ২০২৫
নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষ হতে বাকি ছিল ৪ মিনিট।এরপর কয়েক মিনিটের অতিরিক্র সময় দেওয় হয়। এমন অবস্থায় চেলসি ১-০ গোলে এগিয়ে ছিল বেনফিকার বিপক্ষে। এরপর নাটকীয়তার শুরু। বাজে আবহাওয়ার জন্যে খেলায় বিপত্তি। ম্যাচ বন্ধ থাকে দুই ঘণ্টা। এই বিরতি দিয়ে ম্যাচ শুরু হলে শুরু হয় নাটকীয়তা। গতকাল রাতে ফিফা ক্লাব বিশ্বকাপে চেলসি-বেনফিকার শেষ ষোলোর ম্যাচ শেষ হতে লেগেছে প্রায় পাঁচ ঘণ্টা।
দীর্ঘ সময় নেওয়া এই ম্যাচে বেনফিকাকে ৪-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে চেলসি।
ম্যাচে চেলসির হয়ে গোল করেছেন রিস জেমস, ক্রিস্তোফার এনকুকু, পেদ্রো নেতো ও কিয়ারনান ডেওসবারি-হল। বেনফিকার হয়ে একমাত্র গোলটি বিদায়ী ম্যাচ খেলতে নামা আনহেল দি মারিয়ার।
যুক্তরাষ্ট্রের শার্লটে ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে হওয়া ম্যাচটিতে দীর্ঘ সময় লাগার কারণ ঝড় ও বজ্রপাত। ম্যাচের ৮৬ মিনিটে ঝড় ও বজ্রপাতের শঙ্কায় খেলা বন্ধ করেন দেন রেফারি স্লাভকো ভিনিচ। ওই সময় ৬৪ মিনিটে রিস জেমসের দেওয়া গোলে ১-০ ব্যবধানে এগিয়েছিল চেলসি।
ম্যাচের ফল প্রায় নিশ্চিত, খেলাও বাকি মাত্র ৪ মিনিট—এমনটা ভেবে গ্যালারিতে থাকা ২৫,৯২৯ দর্শকের অনেকে মাঠ ছেড়ে যান। স্টেডিয়াম এলাকায় বজ্রপাত না হলেও আশপাশের অঞ্চলে আবহাওয়া প্রতিকূল ছিল বলে রেফারি খেলা শুরু করতে দেরি করেন। শেষ পর্যন্ত দুই দলের খেলোয়াড়েরা যখন আবার মাঠে ফেরেন, ততক্ষণে পেরিয়ে গেছে প্রায় ২ ঘণ্টা।
দীর্ঘ বিরতির পর খেলা শুরু হলে এবার দেখা দেয় নতুন নাটকীয়তা। ৯২তম মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় বেনফিকার জিয়ানলুকা প্রেসতিয়ান্নিকে। এরপর যোগ করা সময়ের পঞ্চম মিনিটে বেনফিকা পেনাল্টি পেয়ে গেলে তা কাজে লাগিয়ে গোল করেন দি মারিয়া। ম্যাচের নির্ধারিত সময়ের খেলা শেষ হয় ১-১ সমতায়।
এরই মধ্যে কিক–অফ বাঁশির পর থেকে পেরিয়ে গেছে চার ঘণ্টার মতো। নকআউট পর্বের ম্যাচ হওয়ায় ফলের জন্য ম্যাচ গড়ায় অতিরিক্ত আধা ঘণ্টায়। এই অংশের প্রথম ১৫ মিনিটে দুই দলই ছিল গোলহীন। তবে বিরতির পরের ১৫ মিনিটে আট মিনিটের মধ্যে টানা তিন গোল করে চেলসি। ১০৮ মিনিটে এনকুকু, ১১৪ মিনিতে নেতো আর ১১৭ মিনিটে ডেওসবারি-হল।
ফিফা ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে চেলসির প্রতিপক্ষ ব্রাজিলের পালমেইরাস, যারা গতকাল রাতেই স্বদেশি ক্লাব বোতাফোগোকে হারিয়েছে ১-০ ব্যবধানে।