Sylhet Today 24 PRINT

গ্লোবাল সুপার লিগে হাফসেঞ্চুরি ও ৪ উইকেট সাকিব আল হাসানের

স্পোর্টস ডেস্ক |  ১১ জুলাই, ২০২৫

গ্লোবাল সুপার লিগে প্রথমবার খেলতে নেমে ব্যাটে-বলে দ্যুতি ছড়ালেন সাকিব আল হাসান। প্রথমে ব্যাট করতে নেমে করলেন হাফসেঞ্চুরি এবং পরে নিলেন চার উইকেট। সাকিবের এই অলরাউন্ড নৈপুণ্যে শুভসূচনা করল দুবাই ক্যাপিটালস।

দ্বিতীয় আসরের উদ্বোধনী ম্যাচে সেন্ট্রাল ডিসট্রিক্টসের বিপক্ষে সাকিবদের জয় ২২ রানে। গায়ানায় বৃহস্পতিবার ২০ ওভারে ১৬৫ রানের পুঁজি গড়ার পর প্রতিপক্ষকে ১৪৪ রানে আটকে দেয় ক্যাপিটালস।

৭ চার ও এক ছক্কায় ৩৭ বলে অপরাজিত ৫৮ রানের ইনিংস খেলেন সাকিব। বোলিংয়ে প্রথম ওভারে মেডেনসহ নেন উইকেট দুটি। ৪ ওভারে ১৩ রানে তার শিকার ৪টি। ম্যাচ-সেরা হন তিনিই।

টি-টোয়েন্টি ক্যারিয়ারে এই নিয়ে দ্বিতীয়বার একই ম্যাচে ব্যাটিংয়ে ফিফটি ও বোলিংয়ে ৪ উইকেট পেলেন সাকিব। তার সমান দুবার করে এই স্বাদ পেয়েছেন যুবরাজ সিং, ভিরান্দিপ সিং, শোয়েব মালিক, ক্রিস গেইল, জেপি ডুমিনি ও মইন আলি।

ইনিংসে চার বা এর বেশি উইকেট সাকিব পেলেন মোট ১৭ বার। ২০ বার পেয়ে এই তালিকায় তার ওপরে আছেন শুধু আফগানিস্তানের রাশিদ খান।

প্রায় ছয় মাস পর স্বীকৃত ক্রিকেটে ফিরে গত মে মাসে পাকিস্তান সুপার লিগে লাহোর কালান্দার্সের হয়ে তিনটি ম্যাচ খেলে ভালো করতে পারেননি সাকিব। অবশেষে স্বরূপে ফিরলেন ৩৮ বছর বয়সী অলরাউন্ডার।

ইনিংসের পঞ্চম ওভারে প্রথম বল হাতে নেন সাকিব। প্রথম বলেই উইল ইয়াংকে বোল্ড করে ৩০ রানের শুরুর জুটি ভাঙেন তিনি। এক বল পর এলবিডাব্লিউ করে ফেরান ডিন ফক্সক্রফটকে।

আবার তিনি বোলিংয়ে আসেন একাদশ ওভারে। তৃতীয় বলে চার মারেন জশ ক্লার্কসন। পঞ্চম বলে তাকে বোল্ড করেন সাকিব। এই ওভারে ৭ রান দিয়ে নেন একটি উইকেট।

পরের ওভারে কোনো উইকেট না পেলেও সাকিব দেন কেবল ৪ রান, যদিও বাই থেকে আরও চারটি রান আসে এই ওভারে। নিজের কোটার শেষ ওভারে সাকিব বোল্ড করে দেন উইলিয়াম ক্লার্ককে, ইনিংসের সপ্তদশ এই ওভারে দেন কেবল ২ রান।

নিউ জিল্যান্ডের দল সেন্ট্রাল ডিসট্রিক্টস আটকে যায় ১৪৪ রানে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.