Sylhet Today 24 PRINT

গোল করে রোনালদো বললেন ‘এই ক্ষুধা কখনই কমবে না’

স্পোর্টস ডেস্ক |  ৩১ জুলাই, ২০২৫

বয়সকে যেন পাত্তাই দিচ্ছেন না ক্রিশ্চিয়ানো রোনালদো। বয়সের পাল্লা দিয়ে বাড়ছে যেন তার গোলের ক্ষুধা। অস্ট্রিয়ার ক্লাব তুলুজের বিপক্ষে পিছিয়ে পড়ে ম্যাচ জিতেছে আল নাসর। রোনালদো করেছেন গোল, আর গোলের পর নিজের সোশ্যাল মিডিয়ায় জানালেন গোলের এই ক্ষুধা কখনই কমবে না তার।

অস্ট্রিয়ার আন্টার্সবার্গ অ্যারেনাতে ক্লাব প্রীতি ম্যাচে ফরাসি ক্লাব তুলুজের মুখোমুখি হয়েছে আল নাসর। এই ম্যাচে আল নাসর জিতেছে ২-১ গোলে।

২৫ মিনিটে তুলুজ মিডফিল্ডার ইয়ান বোহো করেন ম্যাচে প্রথম গোল। কিন্তু যে দলে রোনালদো আছেন, সেই দল পিছিয়ে পড়েও ম্যাচ জিততে জানে। ৩৩ মিনিটে সমতাসূচক গোল করেন রোনালদো। প্রতিপক্ষের রক্ষণ দুর্গ ভেদ করে আল নাসর ফরোয়ার্ড ওয়েসলি এগিয়ে যান। পরে তার পাস রিসিভ করে রোনালদো যে বুলেট গতির শট করেছেন, সেটা ঠেকানোর সাধ্য ছিল না তুলুজ গোলরক্ষক গুইলাম রেস্টেসের।

ম্যাচ জয়ের পর রোনালদো নিজের অফিশিয়াল ফেসবুক পেজে তুলুজের বিপক্ষে ম্যাচের কিছু মুহূর্তের ছবি পোস্ট করেছেন। যার মধ্যে রয়েছে গোলের পর তার সেই চিরপরিচিত ‘সিউ’ উদযাপন। ক্যাপশনে পর্তুগিজ ফরোয়ার্ড লিখেছেন, ‘এই ক্ষুধা কখনো কমবে না। এখনো অনেক কাজ করার বাকি। আমরা কেবল শুরু করেছি।’

আল নাসরের দ্বিতীয় গোলটা করেছেন মোহামেদ মারান। ৭৬ মিনিটে নাওয়াফ বুশাল প্রথমে ক্রস রিসিভ করেন। সেই ক্রস রিসিভ করে দারুণ এক হেডে লক্ষ্যভেদ করেন মারান।

আল নাসরের আরও একটি প্রীতি ম্যাচ রয়েছে সামনে। সেই ম্যাচে রোনালদোদের প্রতিপক্ষ আলমেরিয়া। ১০ আগস্ট বাংলাদেশ সময় রাত ১১টায় আলমেরিয়ার পাওয়ার হর্স স্টেডিয়ামে শুরু হবে আলমেরিয়া-আল নাসর প্রীতি ম্যাচ। এরপর ১৯ আগস্ট সৌদি সুপার কাপের সেমিফাইনালে আল ইত্তিহাদের বিপক্ষে খেলবে আল নাসর।

সবশেষ ২০২৪-২৫ মৌসুমে আল নাসরের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৫ গোল করেন রোনালদো। ক্লাবটির হয়ে ২০২৩ থেকে খেলছেন তিনি। আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপ ছাড়া আর কোনো টুর্নামেন্ট জিততে পারেননি আল নাসরের হয়ে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.