Sylhet Today 24 PRINT

সিলেটে আগস্টে বাংলাদেশ-নেদারল্যান্ডসের টি-টোয়েন্টি সিরিজের সম্ভাবনা

স্পোর্টস ডেস্ক |  ০২ আগস্ট, ২০২৫

ভারতের বিপক্ষে সিরিজ এখনই হচ্ছে না। সময়টা ফাঁকা, তাই এই আগস্টে একটা টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ। প্রতিপক্ষ নেদারল্যান্ডস। ভেন্যু হিসেবে সিলেটকে বেছে নিতে যাচ্ছে বিসিবি।

সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে এশিয়া কাপ খেলবে বাংলাদেশ। প্রস্তুতির অংশ হিসেবে এই সিরিজ মূলত।

সিরিজটা যে সিলেটেই হতে যাচ্ছে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাহিমের কথাতে ইঙ্গিত মিলল। তিনি বলেছেন, ‘সবচেয়ে ভালো উইকেট যেখানে হবে, আমরা সেখানে সিরিজটা খেলব। ঢাকার সম্ভাবনা কম, ঢাকার বাইরে হবে। সিলেটে হয়তো হবে। সাম্প্রতিক অতীতে উইকেট, গ্রাউন্ডসের সিলেটের ভালো সুনাম হয়েছে। এশিয়া কাপের আগে আমরা যে ধরনের উইকেট চাইব, সে চাহিদা শুধু সিলেটই মেটাতে পারবে।’

নেদারল্যান্ডসের বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হতে পারে আগস্টের তৃতীয় সপ্তাহে। দুই বোর্ডের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) চূড়ান্ত না হওয়ায় ফাহিম সূচি নিশ্চিত করতে চাননি।

এশিয়া কাপ সামনে রেখে বাংলাদেশ দলের খেলোয়াড়দের কন্ডিশনিং ক্যাম্প শুরু হবে ৬ আগস্ট। ১০ আগস্ট হবে ক্রিকেটারদের ফিটনেস টেস্ট। ওইদিনই প্রধান কোচ ফিল সিমন্স যোগ দেবেন দলের সঙ্গে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.