Sylhet Today 24 PRINT

‘দেশের প্রয়োজনে’ বিসিবির পরিচালক পদে নির্বাচন করার ঘোষণা বুলবুলের

নিজস্ব প্রতিবেদক |  ০২ সেপ্টেম্বর, ২০২৫

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক পদে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সিলেট জেলা স্টেডিয়াম পরিদর্শনের পরে তিনি সাংবাদিকদের সাথে আলাপকালে বলেন, ‘দেশের প্রয়োজনে আরও কাজ করব। অক্টোবরের প্রথম সপ্তাহে আমরা নির্বাচন করবো। এখানে সভাপতি নয়, পরিচালকদের নির্বাচন হয়। সেটাই আমাদের প্রথম লক্ষ্য।’

বুলবুল বলেন, সিলেটের ক্রিকেটকে এগিয়ে নিতে উন্নত সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে। খেলার জন্য উপযোগী পরিবেশ তৈরি করা গেলে এখান থেকে জাতীয় দলে আরো যোগ্য খেলোয়াড় উঠে আসবে। নতুন প্রজন্মকে ক্রিকেটে আগ্রহী করে তুলতে শুধু উন্নত মাঠ নয়, বর্ষাকালেও প্রশিক্ষণ চালিয়ে যাওয়ার মতো আধুনিক অবকাঠামো প্রয়োজন।

এ সময় বিসিবির সিনিয়র সহসভাপতি নাজমুল আবেদীন ফাহিমসহ স্থানীয় ক্রীড়া সংগঠক ও জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা বিসিবি সভাপতির সঙ্গে উপস্থিত ছিলেন।

এর আগে সোমবার (১ সেপ্টেম্বর) সিলেটের একটি পাঁচতারকা হোটেলে বিসিবির পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হয়। সভার পরে জানানো হয়, অক্টোবরের প্রথম সপ্তাহেই হবে বিসিবির নির্বাচন।

বিসিবির সংবিধান অনুযায়ী কার্যনির্বাহী কমিটির মেয়াদ তার প্রথম সভা থেকে চার বছর। সর্বশেষ নির্বাচন হয়েছিল ২০২১ সালের ৬ অক্টোবর। সংবিধান অনুযায়ী বর্তমান কমিটিকে ২০২৫ সালের ৭ অক্টোবরের মধ্যে পরবর্তী নির্বাচন সম্পন্ন করতে হবে।

বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী তিনটি ক্যাটাগরিতে পরিচালক নির্বাচিত হন। ঢাকাভিত্তিক ক্লাবের ৭৬ জন কাউন্সিলরের ভোটে ১২ জন, আঞ্চলিক ও জেলা প্রতিনিধিদের ভোটে ১০ জন এবং অন্যান্য প্রতিনিধি কোটায় ১ জন নির্বাচিত হন। এছাড়া জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত করেন ২ জন পরিচালক। এই ২৫ জন পরিচালক ভোট দিয়ে পরে সভাপতি নির্বাচন করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.