Sylhet Today 24 PRINT

আজ কি খেলবেন লিটন?

সিলেটটুডে ডেস্ক |  ২৫ সেপ্টেম্বর, ২০২৫

ইনজুরির কারণে কাল ভারতের বিরুদ্ধে মাঠে নামতে পারেননি বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। এশিয়া কাপে আজ পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামবে বাংলাদেশ দল। আজ অনেকটা বাঁচা মরার লড়াই বাংলাদেশের। এমন গুরুত্ব ম্যাচে লিটন কী মাঠে নামতে পারবেন?

গত পরশু অনুশীলনের সময় পাঁজরে পাওয়া চোট শেষ পর্যন্ত ভারতের বিপক্ষে ম্যাচ থেকে ছিটকে দেয় লিটনকে। তিনি না খেলায় ভারপ্রাপ্ত অধিনায়ক করা হয় জাকের আলীকে।

লিটন যে খেলবেন না, এই খবর কখন জানতে পারলেন? গতকাল ভারতের বিপক্ষে ম্যাচের পর সংবাদ সম্মেলনে আসা জাকেরকে করা হয় এমন প্রশ্ন। উত্তরে তিনি বলেছেন, ‘আমরা তো শেষ পর্যন্ত অপেক্ষা করেছি।’

লিটনের না থাকায় কালই প্রথমবার আন্তর্জাতিক ক্রিকেটে অধিনায়কত্ব করেছেন জাকের। এটা নাকি তাঁকে জানানো হয়েছিল আগেই, ‘আমাকে দেশ থেকেই বলা ছিল—যদি দরকার হয়, তুমি দায়িত্বে থাকবে। হয়তো মিডিয়াতে জানানো হয়নি, কিন্তু আমি জানতাম।’

ভারতের বিপক্ষে ম্যাচ শেষ হওয়ার ২০ ঘণ্টার ভেতরে আবারও মাঠে নামতে হবে বাংলাদেশকে। পাকিস্তানের বিপক্ষে এশিয়া কাপের অলিখিত সেমিফাইনাল শুরু রাত সাড়ে আটটায়। এই ম্যাচ জিতলে ফাইনালে যাওয়া যাবে, নয়তো বাংলাদেশের এশিয়া কাপ শেষ হয়ে যাবে আজই।

এমন গুরুত্বপূর্ণ ম্যাচে কি লিটন খেলবেন? এবারও জাকেরের উত্তর, ‘উনি পুনর্বাসনে আছেন। আমরা (পাকিস্তান) ম্যাচ শুরুর আগপর্যন্ত অপেক্ষা করব।’

ম্যাচের পর ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমূল আবেদীন দুবাইয়ে সাংবাদিকদের বলেছেন, ‘লিটন দাসের একটু সমস্যা ছিল শারীরিকভাবে। পর্যবেক্ষণে আছে। আশা করি, আমরা ভালো খবর পাব।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.