Sylhet Today 24 PRINT

৫ লাখ জনসংখ্যার দেশ ‘কেপ ভার্দে’ খেলবে ফুটবল বিশ্বকাপ

স্পোর্টস ডেস্ক |  ১৪ অক্টোবর, ২০২৫

‘কেপ ভার্দে’ দেশের নাম শুনেননি অনেকেই। অনেকের কাছে না শোনা দেশটিই খেলবে ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ।

ছোট এই দ্বীপদেশটি এসওয়াতিনিকে ৩–০ গোলে হারিয়ে প্রথমবারের মতো জায়গা করে নিয়েছে বিশ্বকাপে। বিশ্বকাপ নিশ্চিত করার পথে ‘ব্লু শার্কস’ নামে পরিচিত দলটি পেছনে ফেলেছে মহাদেশীয় পরাশক্তি ক্যামেরুনকে।

রাজধানী প্রাইয়ায় কেপ ভার্দে প্রথমার্ধে গোল না পেলেও দ্বিতীয়ার্ধের শুরুতে দলকে এগিয়ে দেন ডেইলন লিভ্রামেন্তো। ছয় গজ বক্সে প্রতিপক্ষের রক্ষণের ভুলে পাওয়া বল জালে পাঠান। অল্প সময় পরেই উইলি সেমেদো দুর্দান্ত এক ভলিতে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। অতিরিক্ত সময়ে অভিজ্ঞ ডিফেন্ডার স্টোপিরা গোল করে ব্যবধান তিনে উন্নীত করেন।

আটলান্টিক মহাসাগরে ১০টি দ্বীপ নিয়ে গঠিত কেপ ভার্দের জনসংখ্যা ৫ লাখ ২৫ হাজারের কম (বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী)। যুক্তরাষ্ট্রের যেকোনো অঙ্গরাজ্য থেকে কেপ ভার্দের জনসংখ্যা কম।

জনসংখ্যার হিসাবে কেপ ভার্দে বিশ্বকাপের মূল পর্বে খেলার সুযোগ পাওয়া দ্বিতীয় ক্ষুদ্রতম দেশ। এর আগে আইসল্যান্ড ক্ষুদ্রতম দেশ হিসেবে ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে অংশ নিয়েছিল।

১৯৭৫ সালে পর্তুগালের কাছ থেকে স্বাধীনতা পাওয়ার পর কেপ ভার্দে প্রথমবার বিশ্বকাপে যাওয়ার লড়াইয়ে নামে ২০০২ সালে। যদিও সফল হতে অপেক্ষা করতে হলো প্রায় ২৩ বছর।

আফ্রিকা কাপ অব নেশনসে (আফকন) সাম্প্রতিক বছরগুলোয় চমক দেখিয়েছে কেপ ভার্দে। ২০১৩ সালে অভিষেকেই তারা খেলেছিল কোয়ার্টার ফাইনালে, পুনরায় সেই সাফল্য আসে ২০২৩ সালেও। বর্তমানে তারা ফিফা র‍্যাঙ্কিংয়ে ৭০তম।

কেপ ভার্দের বিশ্বকাপে খেলার সম্ভাবনা উজ্জ্বল হয় গত মাসে। ক্যামেরুনকে ১-০ গোলে হারানোর পর থেকেই বিশ্বকাপের সুবাস পাচ্ছিল তারা। এ জন্য বাকি দুই ম্যাচে একটিতে জিতলেই চলত। এর মধ্যে লিবিয়ার মাঠে গত বুধবার ৩-৩ গোলে ড্র করে প্রথম সুযোগ হাতছাড়া করে তারা। সেদিন শেষ মুহূর্তে সম্ভাব্য জয়সূচক গোলটি বাতিল হয় অফসাইডের কারণে।

তবে এসওয়াতিনির বিপক্ষে প্রাইয়ায় দ্বিতীয় সুযোগটি আর হাতছাড়া করেনি তারা। দারুণ এক জয়ে আফ্রিকা থেকে ষষ্ঠ দেশ হিসেবে বিশ্বকাপে জায়গা করে নিয়েছে কেপ ভার্দে।

কেপ ভার্দে মূলত পর্যটন খাতেই বেশি পরিচিত। খেলাধুলায় বড় সাফল্যের নজির খুবই কম। ২০২৪ প্যারিস অলিম্পিকে বক্সার ডেভিড দে পিনা দেশের ইতিহাসে প্রথম অলিম্পিক পদক (পুরুষদের ফ্লাইওয়েট বিভাগে ব্রোঞ্জ) এনে দেন।

মাত্র ১২ দলের ঘরোয়া লিগ নিয়ে গঠিত দেশটির ফুটবল বিদেশে খেলা খেলোয়াড়দের ওপর নির্ভরশীল। আইরিশ ক্লাব শার্মক রোভার্সের ডিফেন্ডার রবার্তো লোপেজকে জাতীয় দলে ডাকা হয়েছিল লিঙ্কডিনের মাধ্যমে!

কেপ ভার্দের বর্তমান দলে ইউরোপে শীর্ষ পাঁচ লিগে খেলা খেলোয়াড় নেই। বাছাইপর্বে দলের সর্বোচ্চ গোলদাতা নেদারল্যান্ডসে জন্ম নেওয়া ফরোয়ার্ড লিভ্রামেন্তো। তিনি খেলেন পর্তুগিজ লিগে ১৪তম স্থানে থাকা ক্লাব কাসা পিয়ায়।

২০২০ সালের জানুয়ারি থেকে দলের কোচের দায়িত্বে থাকা বুবিস্তা নিজেও ছিলেন সাবেক জাতীয় ফুটবলার। তাঁর অধীন কেপ ভার্দে এর আগে আফ্রিকান নেশনস কাপে ঘানাকে হারিয়ে এবং মিসরের সঙ্গে ড্র করে সবাইকে চমকে দিয়েছিল তারা।

কেপ ভার্দের আগে আফ্রিকা অঞ্চল থেকে বিশ্বকাপ নিশ্চিত করেছে আলজেরিয়া, মিসর, মরক্কো, তিউনিসিয়া ও ঘানা।

আফ্রিকার মোট নয়টি গ্রুপের মধ্যে এখনো তিনটি গ্রুপের ভাগ্য নির্ধারণ বাকি। ২০২৬ বিশ্বকাপে আফ্রিকা অঞ্চলের বাছাই উত্তীর্ণ হয়ে সরাসরি জায়গা করবে নয়টি দল। ইন্টারকনফেডারেশন প্লে–অফের মাধ্যমে আরেকটি দলের বিশ্বকাপ খেলার সুযোগ আছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.