স্পোর্টস ডেস্ক | ১৫ নভেম্বর, ২০২৫
স্বাধীনতার ৫০ বছর উদ্যাপনের অংশ হিসেবে আর্জেন্টিনার বিপক্ষে প্রীতিম্যাচ খেলতে নেমেছিল অ্যাঙ্গোলা। ম্যাচে অনুমিতভাবে জয় পেয়েছে আর্জেন্টিনা। এই ম্যাচ আয়োজনে অ্যাঙ্গোলার খরচ হয়েছে বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৫৯ কোটি টাকা।
স্বাগতিকদের বিপক্ষে ২-০ গোলে জয় পেয়েছে লিওনেল মেসির দল। মেসি ও লাউতারো মার্টিনেজের গোলে জয় নিয়ে বছর শেষ করল বিশ্বচ্যাম্পিয়নরা।
শুক্রবার (১৪ নভেম্বর) বাংলাদেশ সময় রাত ১০টায় অ্যাঙ্গোলার রাজধানী লুয়ান্ডার এস্তাদিও ১১ দে নভেমব্রে স্টেডিয়ামে প্রীতি ম্যাচে মুখোমুখি হয় দুই দল।
ফিফা র্যাঙ্কিংয়ে ৮৯তম অবস্থানে থাকা অ্যাঙ্গোলার জাল খুঁজে পেতে প্রথমার্ধের শেষ পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে আর্জেন্টিনাকে। ম্যাচের ৪৩তম মিনিটে মেসির অ্যাসিস্ট থেকে গোল করে দলকে এগিয়ে নেন লাউতারো।
আর ৮১তম মিনিটে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন মেসি। তার গোলে অবদান রাখেন লাউতারো।