Sylhet Today 24 PRINT

‘ফিফা শান্তি পুরস্কার’ পেলেন ডোনাল্ড ট্রাম্প

সিলেটটুডে ডেস্ক |  ০৬ ডিসেম্বর, ২০২৫

‘শান্তি পুরস্কার’ নামে নতুন এক বার্ষিক পুরস্কার চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। প্রথমবার এই পুরস্কার জিতেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

২০২৬ বিশ্বকাপের ড্র অনুষ্ঠানে ট্রাম্পের হাতে এই পুরস্কার তুলে দিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির জন এফ কেনেডি সেন্টারে ২০২৬ বিশ্বকাপের ড্র অনুষ্ঠান সম্পন্ন হয়। ফিফার ভাষায় শান্তির জন্য অসাধারণ ও ব্যতিক্রমী পদক্ষেপ নেওয়া এবং বিশ্বের মানুষের মধ্যে ঐক্য গড়ে তোলা লোকই পাবেন এই পুরস্কার। সেই বিবেচনায় এবার শান্তি পুরস্কার পেলেন ট্রাম্প।

পুরস্কার পেয়ে ট্রাম্প বলেন, ‘এটি সত্যিই আমার জীবনের অন্যতম সেরা সম্মাননা। আমরা লাখ লাখ মানুষের জীবন বাঁচিয়েছি—উদাহরণ হিসেবে কঙ্গো, যেখানে ১ কোটি মানুষ মারা গিয়েছিল এবং পরিস্থিতি খুব দ্রুতই আরও ১ কোটি মৃত্যুর দিকে যাচ্ছিল। ভারত ও পাকিস্তানের ক্ষেত্রেও আমরা যুদ্ধ শুরু হওয়ার ঠিক আগেই তা থামাতে পেরেছি।’

ট্রাম্প আরও বলেন, ‘জিয়ান্নি (ফিফা সভাপতি) অসাধারণ কাজ করেছে, টিকিট বিক্রিতে নতুন রেকর্ড গড়েছে। ফুটবল অথবা যেটাকে আমরা ‘সকার’ বলি—এর জন্য এটি সুন্দর এক স্বীকৃতি। এখন পৃথিবী আরও নিরাপদ। এক বছর আগেও যুক্তরাষ্ট্র ভালো অবস্থায় ছিল না, আর এখন আমরা বিশ্বের সবচেয়ে আলোচিত দেশ।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.