সিলেটটুডে ডেস্ক | ২০ ডিসেম্বর, ২০২৫
ছবি: সংগৃহীত
বড়দিন আসছে। এই সময়ে পকেটে বেতন থাকে লেস্টার সিটি কর্মীদের। দীর্ঘদিনের রীতি ভাঙায় এবার ভিন্ন চিত্র। বড়দিনের আগে কর্মীদের বেতন দিতে না পারায় সমালোচনার মুখে হামজা চৌধুরীদের দল।তাই কর্মীদের কাছে ক্ষমা চাইল লেস্টার সিটি।
লেস্টার সাধারণত বড়দিনের আগেই ডিসেম্বর মাসের বেতন দেয় । উৎসবের খরচ সামলাতে এই রীতি দীর্ঘদিন ধরেই পালন করে আসছিলেন। কিন্তু এবার রীতি ভেঙেছে। ডেইলি মেইলের প্রতিবেদনে জানা যায়, লেস্টার সিটি কর্তৃপক্ষ অভ্যন্তরীণ এক ইমেইলের মাধ্যমে কর্মীদের জানায় যে ক্রিসমাসের আগে ডিসেম্বর মাসের বেতন হবে না, বরং ৩১ ডিসেম্বর পরিশোধ করা হবে। আগে থেকে না জানায় এ খবরে শেষ মুহূর্তে কর্মীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে।
তবে ইংলিশ এই ক্লাবের ভাষ্যমতে, এ সিদ্ধান্তের সঙ্গে ক্লাবের আর্থিক অবস্থার কোনো সম্পর্ক নেই । ক্লাবের আর্থিক অবস্থা স্থিতিশীল রয়েছে। ক্রিসমাসের আগে বেতন না পাওয়াদের তালিকায় আছেন প্রশাসনিক কর্মী থেকে খেলোয়াড় সবাই। মাসের শেষ দিনই তাদের আনুষ্ঠানিক বেতন দিবস। এবার সেটাই মানা হচ্ছে।
মেইলে বলা ছিলো, ‘বড়দিনের আগে বেতন পাওয়া অনেক সহকর্মীর জন্য একটি মূল্যবান বিষয়। ব্যক্তিগত আর্থিক পরিকল্পনার জন্য, আগেই বিষয়টি জানাতে না পারায় আমরা দুঃখিত। এর ফলে যদি আপনাদের কোন অসুবিধা হয়ে থাকে, তবে অনুগ্রহ করে আমাদের ক্ষমা করুন।’
কঠিন সময়ে মাঠের পারফরম্যান্স নিয়েও স্বস্তিতে নেই লেস্টার। ২০২৩ সালে প্রিমিয়ার লিগ থেকে অবনতি ছিল। এক মৌসুম পর ফিরলেও উন্নতি নেই। বর্তমানে ইংলিশ চ্যাম্পিয়নশিপে ধুঁকছে দলটি। এর মধ্যেই বেতন নিয়ে এই বিতর্ক।