Sylhet Today 24 PRINT

জন্মদিনে রোনালদোর রেকর্ডের সমান করলেন এমবাপ্পে

সিলেটটুডে ডেস্ক |  ২১ ডিসেম্বর, ২০২৫

ছবি: সংগৃহীত

২০ ডিসেম্বর ছিল এমবাপ্পের ২৭তম জন্মদিন। আর এই দিনই রিয়াল মাদ্রিদের হয়ে খেলতে নেমে ‘আইডল’ ক্রিস্টিয়ানো রোনালদোর একটি রেকর্ডে ভাগ বসিয়েছেন এমবাপ্পে । স্প্যানিশ ক্লাবটির হয়ে এক ক্যালেন্ডার–বর্ষে সবচেয়ে বেশি গোলের রেকর্ড এখন যৌথভাবে রোনালদো ও এমবাপ্পের।

শনিবার রাতে লা লিগার ম্যাচে সেভিয়াকে ২-০ গোল স্কোরে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। ম্যাচের ৮৬তম মিনিটে রিয়ালের দ্বিতীয় গোলটি করেন এমবাপ্পে। এ বছর এটি তাঁর ৫৯তম গোল । ২০১৩ সালের রিয়ালের জার্সিতে ৫৯ গোল করেছিলেন রোনালদোও। ইউরোপের সবচেয়ে সফল ক্লাবটির ইতিহাসে একই বছরে এর চেয়ে বেশি গোল আর কারও নেই। এবারের গোলগুলোর মধ্যে লা লিগায় সর্বোচ্চ ১৮টি, চ্যাম্পিয়নস লিগে ৯টি এবং কোপা দেল রেতে ২টি গোল করেছেন।

চলতি বছর রিয়ালের আর ম্যাচ নেই বলে গোলসংখ্যা বাড়ানোর সুযোগ নেই এমবাপ্পের। তবে নিজের ‘আইডল’ রোনালদোর সমান গোল করেই খুশি এমবাপ্পে। ম্যাচ শেষে এমবাপ্পে বলেন, ‘এই রেকর্ডটা অবিশ্বাস্য। এখানে প্রথম বছরেই আমি ক্রিস্টিয়ানোর মতো কিছু করতে পেরেছি, যিনি আমার আদর্শ। একই সঙ্গে রিয়াল মাদ্রিদের ইতিহাসের সেরা খেলোয়াড় এবং বিশ্ব ফুটবলের এক বড় দলিলও। এটা আমার জন্য এক বড় সম্মান।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.