Sylhet Today 24 PRINT

বিসিবি থেকে নাজমুল পদত্যাগ না করলে কাল থেকে সব ধরনের খেলা বন্ধ

ক্রিকেটারদের আল্টিমেটাম

সিলেটটুডে ডেস্ক |  ১৪ জানুয়ারী, ২০২৬

বিতর্কিত মন্তব্য করায় বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের পদত্যাগের আল্টিমেটাম দিয়েছেন দেশের ক্রিকেটাররা। ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) সভাপতি মোহাম্মদ মিঠুন বলেছেন, আগামীকাল (বৃহস্পতিবার) দুপুর একটায় বিপিএলের ম্যাচের আগে তিনি পদত্যাগ না করলে সব ধরনের খেলা বন্ধ থাকবে।

বুধবার রাতে জুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মিঠুন এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। মিঠুন বলেন, 'আমাদের ক্রিকেটারদের নিয়ে যেভাবে মন্তব্য করা হচ্ছে এবং যে ধরনের শব্দ ব্যবহার করা হচ্ছে, তা আমাদের কাছে কখনোই গ্রহণযোগ্য নয়. একজন বোর্ড পরিচালকের খেলোয়াড়দের সম্পর্কে কথা বলার সময় আরও চিন্তাভাবনা করা উচিত. আমরা বিভিন্ন ইস্যুতে ক্রিকেট বোর্ডকে অনেক সময় দিয়েছি এবং সমাধানের চেষ্টা করেছি, কিন্তু তারা কখনোই আমাদের সাড়া দেয়নি. বিশেষ করে, সম্প্রতি একজন বোর্ড পরিচালক যা বলেছেন, তা পুরো ক্রিকেট অঙ্গন এবং খেলোয়াড়দের মর্মাহত করেছে,. প্লেয়াররা কোনোভাবেই এটি মেনে নিতে পারছে না, তাই আমরা তার পদত্যাগ দাবি করছি,. তিনি যদি আগামীকাল ম্যাচের আগে পদত্যাগ না করেন, তবে আমরা আগামীকাল থেকে সব ধরনের ক্রিকেট খেলা বন্ধ রাখার ঘোষণা দিচ্ছি।'

এর আগে সন্ধ্যায় মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে গণমাধ্যমকে নাজমুল বলেছিলেন, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশ দল ভারতে না গেলে বিসিবির কোনো ক্ষতি নেই, 'বোর্ডের কোনো ক্ষতি হবে না, ক্রিকেটারদের ক্ষতি হবে। ক্রিকেটাররা খেললে প্রতি ম্যাচের জন্য ফি পায়।'

এরপর ক্রিকেটারদের ক্ষতিপূরণ দেওয়া হবে কিনা জানতে চাওয়া হলে বিসিবির অর্থ কমিটির চেয়ারম্যান পদে থাকা নাজমুল করে বসেন বিস্ফোরক মন্তব্য, 'ওরা গিয়ে যদি কিছুই না করতে পারে, তাহলে ওদের পিছনে আমরা যে এত কোটি কোটি টাকা খরচ করছি, আমরা কি ওদের কাছ থেকে ওই টাকা ফেরত চাচ্ছি নাকি?'

জানা যায়, সম্প্রতি বাংলাদেশের বিশ্বকাপে খেলা নিয়ে ক্রিকেটার তামিম ইকবালের এক মন্তব্যের জেরে বিসিবির অর্থ কমিটির চেয়ারম্যানের দায়িত্বে থাকা নাজমুল ইসলাম বিতর্কিত মন্তব্য করেন। তামিমের ওই বক্তব্যসংবলিত ফটোকার্ড শেয়ার করে নাজমুল ফেসবুকে লেখেন, ‘এইবার আরও একজন পরীক্ষিত ভারতীয় দালালের আত্মপ্রকাশ বাংলার জনগণ দুচোখ ভরে দেখলো।’

পোস্টটি কিছু সময় তার টাইমলাইনে থাকলেও তীব্র সমালোচনার মুখে গভীর রাতে তা সরিয়ে ফেলা হয়।

এর আগে সংবাদমাধ্যমে দেওয়া বক্তব্যে তামিম ইকবাল ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার প্রসঙ্গে বলেন, মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়া নিঃসন্দেহে হতাশাজনক। একই সঙ্গে তিনি মনে করেন, এমন সংবেদনশীল বিষয়ে হঠাৎ মন্তব্য না করে সবদিক বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন।

তামিম বলেন, ‘আমি বোর্ডে থাকলে দেশের ভবিষ্যৎ ও দীর্ঘমেয়াদি স্বার্থ মাথায় রেখেই সিদ্ধান্ত নিতাম। অনেক বিষয় আলোচনার মাধ্যমেই সমাধান করা যায়।’

তার মতে, আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের অবস্থান ও ভবিষ্যৎ সবচেয়ে বেশি গুরুত্ব পাওয়ার দাবি রাখে।

সরকারি হস্তক্ষেপ নিয়ে ওঠা আলোচনার জবাবেও নিজের অবস্থান পরিষ্কার করেন তামিম। তিনি বলেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে একটি স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে দেখা উচিত। সরকার বড় অংশীদার হলেও বোর্ডের নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা থাকা প্রয়োজন। পাশাপাশি তিনি উল্লেখ করেন, আজকের সিদ্ধান্তের প্রভাব আগামী ১০ বছর পর কী হবে—সেটাও বিবেচনায় রাখা জরুরি, বিশেষ করে যখন বোর্ডের বড় একটি আয়ের উৎস আইসিসি।

তামিমের এই বক্তব্যগুলো সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পরই বিসিবি পরিচালক নাজমুল ইসলামের মন্তব্য নতুন করে বিতর্ক উসকে দেয়। উল্লেখ্য, গত ৬ অক্টোবর বিসিবির নির্বাচনে ক্লাব ক্যাটাগরি থেকে পরিচালক নির্বাচিত হন নাজমুল ইসলাম। ওই নির্বাচন ঘিরেও অনিয়ম ও সরকারি হস্তক্ষেপের অভিযোগ তুলে তামিম ইকবালসহ একাধিক প্রার্থী তখন মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.