Sylhet Today 24 PRINT

বাংলাদেশকে সমর্থন জানিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কট করবে না পাকিস্তান

সিলেটটুডে ডেস্ক  |  ১৯ জানুয়ারী, ২০২৬

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) স্পষ্ট করে জানিয়েছে, বাংলাদেশকে সমর্থন দেখানোর জন্য তারা ভারতে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কট করবে না।

সোমবার গাল্ফ নিউজের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

এর আগে রোববার পাকিস্তানের গণমাধ্যম জিও নিউজের খবরে বলা হয়েছিল, ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে বাংলাদেশ দল না পাঠানোর যে সিদ্ধান্ত নিয়েছে, সেটির সুরাহা না হলে বিশ্বকাপ থেকে সরে যেতে পারে পাকিস্তানও। এ নিয়ে গুঞ্জনের মধ্যেই আজ বিশ্বকাপে অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করল পিসিবি।

সংশ্লিষ্ট একটি সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের ম্যাচগুলো যদি ভারত থেকে সরানো না হয়, তাহলে পাকিস্তান টুর্নামেন্ট থেকে সরে যাবে কি না, এই প্রশ্নের জবাবে পিসিবি বলেছে, 'না, এটা পিসিবির অবস্থান নয়।'

সূত্রটি আরও বলেছে, পাকিস্তান বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোর কথা বললে আইসিসি এটা বলবে যে তাদের ম্যাচগুলো তো শ্রীলঙ্কাতেই হচ্ছে। তাই বিশ্বকাপ থেকে পাকিস্তানের সরে দাঁড়ানোর কোনো কারণ নেই। কিছু মানুষ শুধু শুধু বিষয়টি উসকে দেওয়ার জন্য এমন কথা ছড়াচ্ছে।

এদিকে বিসিবি এখনো তাদের অবস্থানে অটল এবং শেষ পর্যন্ত অটল থাকবে বলেই দৃঢ়প্রতিজ্ঞ। ভারতে আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপের কোনো ম্যাচ তারা খেলবে না।

বিসিবির এই অবস্থানকে পুরোপুরি সমর্থন করেছে পাকিস্তান। তারা বলেছে, বাংলাদেশের নিরাপত্তা-সংক্রান্ত উদ্বেগ যুক্তিসংগত ও গ্রহণযোগ্য। আরও জানা গেছে, বাংলাদেশ সরকার আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে সমর্থন চাইতে পাকিস্তান সরকারের সঙ্গে যোগাযোগ করেছে এবং ইতিবাচক সাড়া পেয়েছে।

আগামী ৭ ফেব্রুয়ারি থেকে টি–টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার কথা। এবারের টুর্নামেন্ট যৌথভাবে আয়োজন করবে ভারত ও শ্রীলঙ্কা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.