Sylhet Today 24 PRINT

৩য় হতে বাংলাদেশের চাই ২১৫ রান

অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ ২০১৬

স্পোর্টস ডেস্ক |  ১৩ ফেব্রুয়ারী, ২০১৬

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে জয়ের জন্যে ২১৫ রান দরকার বাংলাদেশের।

শনিবার ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করেছে শ্রীলঙ্কা। অধিনায়ক চারিথ আসালাঙ্কা ৭৬ রানের চমৎকার ইনিংসের সুবাদের ৫০ ওভার শেষে শ্রীলঙ্কা করে ২১৪ রান সবক'টি উইকেট হারিয়ে।

উদ্বোধনী জুটিতেই ৬০ রান পেয়ে যায় শ্রীলঙ্কা। এরপর একে একে তিনটি আঘাত হানেন বাংলাদেশের অধিনায়ক অফ স্পিনার মেহেদি হাসান মিরাজ। তিনি তুলে নেন দুই সেট ওপেনার সালিন্দু পেরেইরা (৩৪), কামিন্দু মেন্ডিস (২৬) ও আভিস্কা ফার্নান্দোকে। ১০ রানের মধ্যে ওই ৩ উইকেট হারানোর পর শ্রীলঙ্কানদের আর কখনোই পুরোপুরি গুছিয়ে ওঠা হয়নি।

একপান্ত ধরে রেখেছেন আসালাঙ্কা। ষষ্ঠ উইকেটে আসালাঙ্কার সাথে ওয়ানিদু হাসারাঙ্গার (৩০) ৫৫ রানের জুটি হয়েছে। ৪৪তম ওভারে জোড়া আঘাত হানেন পেসার মোহাম্মদ সাইফুদ্দিন। হাসারাঙ্গার পর তুলে নেন জিহান ড্যানিয়েলকে। ৪৯তম ওভারে আরেক পেসার আব্দুল হালিম লঙ্কানদের ইনিংস গুটিয়ে দেন আসালাঙ্কা ও লাহিরু কুমারাকে তুলে নিয়ে।

বাংলাদেশের পক্ষে অধিনায়ক মেহেদি হাসান মিরাজ ২৮ রানে ৩টি উইকেট নেন। এছাড়া মোহাম্মদ সাইফুদ্দিন ৪৮ রানে দুটি এবং আব্দুল হালিম ২৬ রানে দুটি উইকেট নেন।

টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে ভারতের কাছে হেরে ছিটকে পড়ে শ্রীলংকা। অন্যদিকে সেমিতে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে বিশ্বকাপ জয়ের স্বপ্নভঙ্গ হয় স্বাগতিক বাংলাদেশের।
 
রোববার ঢাকার মিরপুরের শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.