Sylhet Today 24 PRINT

জাহানারার যৌন হয়রানির অভিযোগের সত্যতা পেয়েছে তদন্ত কমিটি

সিলেটটুডে ডেস্ক |  ০৪ ফেব্রুয়ারী, ২০২৬

বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম সাবেক নির্বাচক ও প্রধান কোচ মঞ্জুরুল আলম মঞ্জুর বিরুদ্ধে যৌন হয়রানিসহ চারটি অভিযোগ এনেছিলেন। এই অভিযোগগুলোর মধ্যে দুটির সত্যতা খুঁজে পেয়েছে বিসিবির গঠিত স্বাধীন তদন্ত কমিটি।

বাংলাদেশের সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি তারিক উল হাকিমের নেতৃত্বাধীন ৫ সদস্যের স্বাধীন তদন্ত কমিটি যে প্রতিবেদন জমা দিয়েছে, সেখানেই এই অভিযোগের প্রাথমিক সত্যতার প্রমাণ পাওয়া গেছে বলে বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

স্বাধীন তদন্ত কমিটি গত সোমবার তাদের তদন্ত প্রতিবেদন বিসিবিতে জমা দেয়। কমিটির অপর সদস্য ছিলেন অধ্যাপক ড. নাঈমা হক, ব্যারিস্টার মুহাম্মদ মোস্তাফিজুর রহমান খান, বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা এবং বিসিবির পরিচালক ও নারী ক্রিকেটের প্রধান রুবাবা দৌলা।

জাতীয় দলের সাবেক ক্রিকেটার মঞ্জরুল ইসলামের বিরুদ্ধে যৌন হয়রানির এই অভিযোগ তুলে ধরে রিয়াসাদ আজিম তার ইউটিউব চ্যানেলে গত ৭ নভেম্বর একটি প্রতিবেদন প্রচার করেন। এর ২ দিন পর বিসিবি তদন্ত কমিটি গঠন করে।

বিসিবি তাদের সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে যে, জাহানারা আলম যে চারটি অভিযোগ এনেছিলেন তদন্ত কমিটি প্রাথমিকভাবে তার দুইটির অসদাচরণ ও যৌন হয়রানির প্রমাণ পেয়েছে। অপর দুইটির কোনো প্রমাণ পায়নি। মঞ্জুরুল ইসলামের অসদাচরণ ও যৌন হয়রানি সুপ্রিম কোর্টের গাইডলাইন অনুযায়ী সংজ্ঞার মধ্যে পড়ে। বিসিবি এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

উল্লেখ্য, মঞ্জুরুল ইসলামের সঙ্গে বিসিবির চুক্তির মেয়াদ শেষ হয়েছে গত বছর ৩০ জুন। বর্তমানে তিনি সপরিবারে চীনে বসবাস করছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.