Sylhet Today 24 PRINT

বিশ্বকাপে ক্রিকেটারদের সঙ্গে জাতিকেও অপমান করা হয়েছে: ডা. শফিকুর রহমান

সিলেটুডে ডেস্ক |  ০৭ ফেব্রুয়ারী, ২০২৬

ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর শুরু হয়েছে আজ। এ বিশ্বকাপে বাংলাদেশকে বাদ দিয়ে ক্রিকেটারদের সঙ্গে জাতিকেও অপমান করা হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজের এক পোস্টে এমন মন্তব্য করেন তিনি।

পোস্টে ডা. শফিকুর রহমান লিখেছেন, ‘প্রিয় ক্রিকেটপ্রেমী বন্ধুরা, আজ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হলো। এমন দিনে স্বাভাবিকভাবেই আমাদের চোখ থাকতো টিভি স্ক্রিনে। সবাই অপেক্ষা করতাম টাইগারদের মাঠের লড়াই আর বিজয়ের আনন্দ দেখতে। দুঃখের বিষয়, এই আন্তর্জাতিক মঞ্চে আজ বাংলাদেশের অংশগ্রহণের কথা থাকলেও আমরা সেই অধিকার থেকে বঞ্চিত হয়েছি। আমাদের ক্রিকেটারদের সাথে জাতিকেও অপমান করা হয়েছে। লাল-সবুজের হয়ে উল্লাস করার মুহূর্ত থেকে আমাদেরকে পরিকল্পিতভাবে দূরে রাখা হলো।’

বিশ্ব আসর না খেলতে পারা যেকোনো ক্রিকেটারের জন্য হতাশার। ক্রিকেটারদের এই কঠিন সময়ে পাশে দাঁড়িয়ে জামায়াতের আমির লিখেছেন, ‘প্রিয় ক্রিকেটার ভাইয়েরা, আমি তোমাদের সাথে সমব্যথী। দেশের মর্যাদা, দেশের স্বপ্নের সাথে কোনো আপোষ নয়। কোনো আধিপত্যবাদী শক্তির কাছে আমরা হার মানতে পারি না। দৃঢ়ভাবে বলতে চাই, বাংলাদেশকে আমরা আন্তর্জাতিক ইভেন্টে মর্যাদার
আসনে নিয়ে যাবো, ইনশাআল্লাহ।’

উল্লেখ্য, টি-টোয়েন্টি বিশ্বকাপে নিরাপত্তাজনিত কারণে ভারতের পরিবর্তে ভেন্যু বদলে শ্রীলঙ্কায় খেলতে চাইলেও বাংলাদেশেরে দাবি মেনে নেয়নি আইসিসি। ফলে প্রথমবারের মতো আসরে অংশ নেয়নি বাংলাদেশ ক্রিকেট দল।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.