Sylhet Today 24 PRINT

বল ৩, উইকেট ৩ আর স্থানও ৩!

অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ ২০১৬

স্পোর্টস ডেস্ক |  ১৩ ফেব্রুয়ারী, ২০১৬

যুব বিশ্বকাপের ফাইনালে যাওয়া হয় নি বাংলাদেশের। খেলতে হয়েছে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ। যুব বিশ্বক্রিকেটের তৃতীয় সেরা হতে মাঠের নামার আগে কে জানত ৩ সংখ্যা নিয়েই বুঝি খেলতে নেমেছে বাংলাদেশ, এবং হলোও সেটাই!

বিশ্ব যুব ক্রিকেটের ৩য় সেরা হতে গিয়ে ৩ উইকেটে বিজয়ী বাংলাদেশ। আর দল যখন জয়ের বন্দরে তখন হাতে বাকি থাকল ৩টি বল।

কেবল কী তাই, দলের এ জয়ে সামনে থেকে নেতৃত্ব দেওয়া অধিনায়ক মেহেদি হাসান মিরাজ নিয়েছেন ৩ উইকেট, হয়েছেন ম্যাচের সেরা খেলোয়াড়।

শ্রীলঙ্কার করা ২১৪ রানের জবাবে বাংলাদেশ জয়ের লক্ষ্যে পৌঁছায় ৭ উইকেট হারিয়ে। এটা যুব বিশ্বকাপে বাংলাদেশের সেরা সাফল্য।

শনিবার (১৩ ফেব্রুয়ারি) ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করে শ্রীলঙ্কা। অধিনায়ক চারিথ আসালাঙ্কা ৭৬ রানের চমৎকার ইনিংসের সুবাদের ৫০ ওভার শেষে শ্রীলঙ্কা করে ২১৪ রান সবক'টি উইকেট হারিয়ে।

উদ্বোধনী জুটিতেই ৬০ রান পেয়ে যায় শ্রীলঙ্কা। এরপর একে একে তিনটি আঘাত হানেন বাংলাদেশের অধিনায়ক অফ স্পিনার মেহেদি হাসান মিরাজ। তিনি তুলে নেন দুই সেট ওপেনার সালিন্দু পেরেইরা (৩৪), কামিন্দু মেন্ডিস (২৬) ও আভিস্কা ফার্নান্দোকে। ১০ রানের মধ্যে ওই ৩ উইকেট হারানোর পর শ্রীলঙ্কানদের আর কখনোই পুরোপুরি গুছিয়ে ওঠা হয়নি।

একপান্ত ধরে রেখেছেন আসালাঙ্কা। ষষ্ঠ উইকেটে আসালাঙ্কার সাথে ওয়ানিদু হাসারাঙ্গার (৩০) ৫৫ রানের জুটি হয়েছে। ৪৪তম ওভারে জোড়া আঘাত হানেন পেসার মোহাম্মদ সাইফুদ্দিন। হাসারাঙ্গার পর তুলে নেন জিহান ড্যানিয়েলকে। ৪৯তম ওভারে আরেক পেসার আব্দুল হালিম লঙ্কানদের ইনিংস গুটিয়ে দেন আসালাঙ্কা ও লাহিরু কুমারাকে তুলে নিয়ে।

বাংলাদেশের পক্ষে অধিনায়ক মেহেদি হাসান মিরাজ ২৮ রানে ৩টি উইকেট নেন। এছাড়া মোহাম্মদ সাইফুদ্দিন ৪৮ রানে দুটি এবং আব্দুল হালিম ২৬ রানে দুটি উইকেট নেন।

২১৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ওপেনিং করা জাকিরকে হারালেও অনিক ও জয়রাজ মিলে ধীরেসুস্থেই এগিয়ে নেন দলকে তবে অনিক আহত হয়ে মাঠের বাইরে যাবার পর জয়রাজও ২৬ রান করে কাটা পড়েন। তবে অধিনায়ক মিরাজ ও সহ অধিনায়ক শান্ত ৮৮ রানের জুটি গড়ে বাংলাদেশের জয়কে যখন সময়ের ব্যাপার করে তুলছিলেন তখন টুর্নামেন্টে টানা ৪টি অর্ধশতক করা মিরাজ অদ্ভুতুড়ে এক রান আউটে ৫৩ রান করে বিদায় নেন। পরবর্তীতে ৪০ রান করে শান্ত আরও বিচিত্র এক রান আউটে আত্মাহুতি দিলে খেলায় ফিরে আসার ইঙ্গিত দেয় শ্রীলঙ্কা।

এদের বিদায়ের পর দলের হাল ধরে ২১ রান করা সাইফুল হায়াতকে আউট করে ম্যাচ জমিয়ে তুলেন আহসান। তবে লঙ্কানদের আশাহত করে আহত হয়ে মাঠের বাইরে যাওয়া জাকের আলি অনিক ফিরে এসে বাংলাদেশকে জিতিয়েই মাঠ ছাড়েন।

ব্যাট-বলে অসাধারণ পারফম্যান্সের জন্যে অধিনায়ক মেহেদি হাসান মিরাজ হন ম্যান অব দ্যা ম্যাচ।

টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে ভারতের কাছে হেরে ছিটকে পড়ে শ্রীলংকা। অন্যদিকে সেমিতে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে বিশ্বকাপ জয়ের স্বপ্নভঙ্গ হয় স্বাগতিক বাংলাদেশের।
 
রোববার ঢাকার মিরপুরের শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.