Sylhet Today 24 PRINT

আসিফ নজরুল ‘মিথ্যাবাদী’, খেলোয়াড়দের স্বপ্ন হত্যা করেছেন: কোচ সালাউদ্দিন

সিলেটটুডে ডেস্ক |  ২০ ফেব্রুয়ারী, ২০২৬

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। তিনি একহাত নিয়েছেন সাবেক উপদেষ্টা আসিফ নজরুলকে, যিনি চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের অংশগ্রহণ নিয়ে অবস্থান পরিবর্তন করেছেন। আজ (২০ ফেব্রুয়ারি) মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে ক্ষোভ উগড়ে দেন এই কোচ।

আসিফ নজরুল শুরুতে বলেছিলেন, বিশ্বকাপে বাংলাদেশ দল না পাঠানোর সিদ্ধান্তটি সরকার নিয়েছে। তিনি ক্রিকেটারদের সঙ্গে একটি বৈঠক করেছিলেন, যেখানে বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে তাদের মতামত শোনার পরিবর্তে নিজের সিদ্ধান্ত চাপিয়ে দেন। তবে দায়িত্ব ছাড়ার ঠিক আগে তিনি জানান, এই সিদ্ধান্ত বোর্ড ও খেলোয়াড়দের ছিল।

আসিফ নজরুলকে ‘মিথ্যাবাদী’ অ্যাখ্যা দিয়ে সালাউদ্দিন বলেন, ‘তিনি এমন নির্লজ্জ মিথ্যা বলেছেন। আমি নিজেও একজন শিক্ষক, আর শিক্ষকরা সাধারণত একটু কম মিথ্যা বলেন। তিনি এত প্রকাশ্যে এমন মিথ্যা বলবেন- আমি সত্যিই কল্পনাও করতে পারি না। আমি ছেলেদের সামনে কীভাবে মুখ দেখাব? তিনি এমন ইউ-টার্ন নিলেন।’

সহকারী কোচ আরও বলেন, ‘তিনি একজন শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। আমার দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের একজন মানুষ এমন মিথ্যা বলবেন, আমরা এটা মেনে নিতে পারি না। কীভাবে মেনে নেব? আগে এক কথা বলেছেন, পরে আবার ইউ-টার্ন নিয়েছেন।’

সালাউদ্দিন জানান, বিশ্বকাপ মিস করায় জাতীয় দলের ক্রিকেটাররা ভেঙে পড়েছিলেন। তিনি এই সিদ্ধান্তকে খেলোয়াড়দের ‘স্বপ্ন হত্যা’ বলে বর্ণনা করেন, ‘দেখুন, যখন একটি ছেলে বিশ্বকাপ খেলতে যায়, সে তার স্বপ্ন সঙ্গে নিয়ে যায়। আপনি এক সেকেন্ডে সেই স্বপ্ন ধ্বংস করে দেন। ঠিক আছে, যদি এটা দেশের সিদ্ধান্ত হয়, জাতীয় স্বার্থে নেওয়া হয়, তারা দেশের জন্য ত্যাগ স্বীকার করবে। কিন্তু ক্ষতির কথা বললে, আমি ব্যক্তিগত ক্ষতির কথাই বলব। ব্যক্তিগতভাবে আপনি একটি ছেলের স্বপ্ন পুরোপুরি শেষ করে দিয়েছেন। আমি জানি, আমার দুইজন খেলোয়াড় কয়েকদিন সম্পূর্ণ স্তব্ধ হয়ে গিয়েছিল, পুরোপুরি ভেঙে পড়েছিল।’

সালাউদ্দিন বলেন, ‘একজন মানুষ বহু বছর ধরে বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখে। টাকা একটা বিষয়, কিন্তু সেটা ছোট বিষয়। আসল বিষয় হলো সেই বিশ্বকাপ, যার স্বপ্ন সে সারা জীবন দেখেছে, সে সেই বিশ্বকাপ খেলতে চেয়েছিল। দেখুন, দেশের জন্য আমিও অনেক কিছু ত্যাগ করতে প্রস্তুত, ছেলেরাও প্রস্তুত। কিন্তু আমি কি কোনো ছেলের মাথায় হাত রেখে বলেছি, ‘বাবা, তুমি এই কারণে খেলতে পারোনি’? যদি বিষয়গুলো সঠিকভাবে জানানো হত, আমার মনে হয় অনেক কিছুই মেনে নেওয়া যেত।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.