Sylhet Today 24 PRINT

সিলেট জেলা স্টেডিয়ামকে ফুটবল ফেডারেশনকে বরাদ্দ দেওয়ার প্রতিবাদে স্মারকলিপি

সিলেটটুডে ডেস্ক |  ০৫ মার্চ, ২০২৬

সিলেট জেলা স্টেডিয়ামকে এককভাবে কোন ফেডারেশনকে বরাদ্দ প্রদান না করার দাবীতে সিলেট জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছে সিলেট জেলা ক্রিকেট ক্লাব অ্যাসোসিয়েশন ও সিলেট জেলা ক্লাব সমিতি।

বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসন কার্যালয়ে এ স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপিতে বলা হয়, সিলেট জেলা স্টেডিয়াম মাঠ বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে বরাদ্দ দেওয়ার যে পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে এবং একইসঙ্গে শুধুমাত্র ক্রিকেটকে বরাদ্দ না দেওয়ার যে সিদ্ধান্তের আভাস পাওয়া যাচ্ছে- তা সিলেট জেলার ক্রীড়াঙ্গনের জন্য মারাত্মক ক্ষতিকর ও সম্পূর্ণ অগ্রহণযোগ্য।

এ সময় উপস্থিতজন বলেন, সিলেট জেলা স্টেডিয়াম সিলেট ক্রীড়াঙ্গনের সূতিকাগার। মহান স্বাধীনতা উত্তর থেকে সিলেট জেলা স্টেডিয়াম মাঠে ক্রিকেট, ফুটবল, হকি, অ্যাথলেটিকস্, ভলিবলসহ সকল ডিসিপ্লিনের খেলাধুলা নির্দিষ্ট ক্রীড়াপঞ্জী অনুসারে অনুষ্ঠিত হয়ে আসছে। সিলেট জেলা স্টেডিয়াম মাঠেই সকল ডিসিপ্লিনের খেলাধুলার আয়োজন করতে হয়ে। এমনকি সরকারি বিভিন্ন ক্রীড়া কার্যক্রমও এই মাঠে অনুষ্ঠিত হয়।

ক্রীড়া সংগঠক ও খেলোয়াড়রা বলেন, মাঠটি সকল খেলার একমাত্র কার্যকর ও স্বীকৃত ভেন্যু। এই মাঠ এককভাবে কোনো একটি ফেডারেশন বা খেলাকে বরাদ্দ দেওয়া হলে সিলেট জেলা ক্রীড়া সংস্থার সকল অ্যাফিলিয়েটেড ক্লাবের সঙ্গে চরম অবিচার করা হবে।

স্মারকলিপিতে সিলেট জেলা ক্রীড়া সংস্থার ক্লাবসমূহ সিলেট জেলা স্টেডিয়াম মাঠ এককভাবে বরাদ্দ দেওয়ার সকল পরিকল্পনা বাতিল এবং পূর্বের ন্যায় সকল খেলার জন্য মাঠ উন্মুক্ত করার দাবী জানান।

ক্লাবসমূহের এই ন্যায্য ও যৌক্তিক দাবি পূরন না হলে, সিলেটের ক্রীড়াঙ্গনের স্বার্থে কঠোর কর্মসূচি গ্রহন করা হবে বলে জানান তারা।

স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন ক্রীড়া সংগঠক ফেরদৌস চৌধুরী রুহেল, হানিফ আলম চৌধুরি, আহমদ জুলকারনাইন, মোস্তফা কামাল পাশা মওদুদ, মোহম্মদ বদরুদ্দোজা বদর, হাজী মিলাদ আহমদ, আশরাফ আরমান, খালেদ মাহমুদ ইমন, ফরহাদ কোরেশী, জাতীয় খেলোয়াড় এটিএম খালেদ আহমদ, ইমরান আলী এনাম, রানা মিয়া, নাসির বক্স, শাকিল আহমদ, মিন্টু সিংহ প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.