Sylhet Today 24 PRINT

সাকিবের উপরই ভরসা করছেন হাথুরুসিংহে

প্রস্তুতি ম্যাচগুলোতে সাকিব আল হাসানের পারফরম্যান্স হতাশাজনক হলেও কোচ চন্ডিকা হাথুরুসিংহের ভরসা সাকিব।

স্পোর্টস ডেস্ক |  ১৭ ফেব্রুয়ারী, ২০১৫

প্রস্তুতি ম্যাচগুলোতে সাকিব আল হাসানের পারফরম্যান্স হতাশাজনক হলেও কোচ চন্ডিকা হাথুরুসিংহের ভরসা সাকিব। তাই কোচ চন্ডিকা হাথুরুসিংহে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচের আগে দলের সেরা ক্রিকেটার সাকিব আল হাসানের কাছে নিজের চাওয়াটা জানালেন। কোচের আশা বিশ্বকাপে বিশ্বসেরা অলরাউন্ডার যেন দলের মূল ভূমিকা নেন।
বাংলাদেশ দল ক্যানবেরায় পৌঁছে তৃতীয় দিনে রোববার অনুশীলন করেছে। আগামী বুধবার আফগানিস্তানের বিপরীতে বাংলাদেশ প্রথম ম্যাচে মাঠে নামবে। গতকাল ক্যানবেরায় অনুশীলন শেষে কোচ হাথুরুসিংহে বলেছেন,‘ভালো পারফর্ম করবে তা আমি আশা করছি সাকিব এবং দলের মূল ভূমিকাটা নেবে। আশা করি,সে আমাদের সামনে থেকে নেতৃত্ব দেবে।’ ওয়ানডেতে দেশের সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি (৩ হাজার ৯৭৭);আর মাত্র ২৩ রান হলে প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে এই বাঁহাতি ব্যাটসম্যান চার হাজার রানের মাইলফলক স্পর্শ করবেন। এ পর্যন্ত খেলা ১৪১ ম্যাচে ১৮২ উইকেট নিয়ে দেশের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী তিনি।
বর্তমানে টেস্ট,ওয়ানডে ও টি-টোয়েন্টির বিশ্বসেরা অলরাউন্ডারও সাকিব। তাছাড়া বিগ ব্যাশ টি-টোয়েন্টি লিগে খেলার কারণে অস্ট্রেলিয়ার কন্ডিশন সম্পর্কে ভালো ধারণা আছে তার। তিনি বলেন, “আমি মনে করি,মেলবোর্ন রেনেগেইডসে তার খেলা একটু হলেও আপনারা দেখেছেন। সে বিস্ফোরক ব্যাটসম্যান এবং চতুর বোলার।” তিনি আরও বলেন,“আমাদের দলে কিছু বিশ্বমানের খেলোয়াড় আছে। কোনো সন্দেহ নেই,বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আছে এ দলে। এমনকি তরুণ যারা আছে,তারা বড় মঞ্চে কেমন করে সেটাও দেখার অপেক্ষায় আছি।”
সাকিব ছাড়াও বাংলাদেশ দলে অভিজ্ঞ খেলোয়াড়ের মধ্যে আছেন, ব্যাটিং লাইনআপে মুশফিকুর রহিম,তামিম ইকবাল,বোলিং লাইনআপে মাশরাফি। অভিজ্ঞদের পাশাপাশি তরুণ শিষ্যরা বিশ্বকাপে কেমন করে,সেটা দেখার অপেক্ষায় আছেন কোচ। হাথুরুসিংহের দলে মুমিনুল হক, নাসির হোসেন,আল-আমিন,তাসকিন আহমেদ,তাইজুল ইসলামের মতো তরুণরাও আছেন।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.