Sylhet Today 24 PRINT

ব্রাজিলের বিপক্ষে ম্যাচের স্কোয়াড ঘোষণা ফ্রান্সের

স্পোর্টস ডেস্ক |  ২১ মার্চ, ২০২৬

আসন্ন ২০২৬ বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে ফিফার মার্চ উইন্ডোতে দুটি হাইভোল্টেজ প্রীতি ম্যাচ খেলবে ফ্রান্স। এই উইন্ডোতে রেকর্ড পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল এবং আরেক লাতিন পরাশক্তি কলম্বিয়ার মুখোমুখি হবে ফরাসিরা। এই দুই ম্যাচ সামনে রেখে কিলিয়ান এমবাপ্পের নেতৃত্বে শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছেন ফ্রান্সের প্রধান কোচ দিদিয়ের দেশম।

ঘোষিত এই দলে ফিরেছেন পিএসজির তারকা ফরোয়ার্ড উসমান দেম্বেলে। চোটের কারণে দেশের জার্সিতে গত বছরের শেষ পাঁচটি ম্যাচ খেলতে পারেননি তিনি। দলে ফিরেছেন অধিনায়ক কিলিয়ান এমবাপ্পেও। গত নভেম্বরে বিশ্বকাপ বাছাইয়ের শেষ ম্যাচে আজারবাইজানের বিপক্ষে খেলেননি তিনি। ব্রাজিলের বিপক্ষে আসন্ন এই প্রীতি ম্যাচে রিয়াল মাদ্রিদ সতীর্থ ভিনিসিয়ুস জুনিয়রের বিপক্ষে প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে দেখা যাবে এমবাপ্পেকে।

সম্প্রতি পিএসজির হয়ে খেলতে নেমে অ্যাঙ্কেলে চোট পেয়েছেন তরুণ স্ট্রাইকার ব্র্যাডলি বারকোলা। ফলে দেশমের এই স্কোয়াডে জায়গা হয়নি তার। বারকোলার জায়গায় মূলত সুযোগ পেয়েছেন র‌্যান্ডাল কোলো মুয়ানি। পাশাপাশি বৈশ্বিক টুর্নামেন্ট সামনে রেখে দলে ডাক পেয়েছেন ম্যাগনেস আকলিউচেও। দেশমের স্কোয়াডে অন্যতম বড় চমক হিসেবে জায়গা করে নিয়েছেন গোলরক্ষক লুকাস শ্যাভালিয়র। স্কোয়াডে নিজেদের স্থান ধরে রেখেছেন মার্কাস থুরামও।

আগামী ২৬ মার্চ যুক্তরাষ্ট্রের বোস্টনে ব্রাজিলের মুখোমুখি হবে এমবাপ্পের দল। এরপর ২৯ মার্চ ওয়াশিংটনে তাদের প্রতিপক্ষ কলম্বিয়া। কোচ দেশম জানিয়েছেন, এই উইন্ডো শেষ হওয়ার পর আগামী ১৩ মে ফ্রান্সের চূড়ান্ত বিশ্বকাপ দল ঘোষণা করবেন তিনি।

একনজরে প্রীতি ম্যাচের জন্য ফ্রান্স স্কোয়াড:
গোলরক্ষক: লুকাস শ্যাভালিয়র, মাইক মাইগনান ও ব্রাইস সাম্বা।
রক্ষণভাগ: লুকাস দিনিয়ে, মালো গুস্তো, লুকাস হার্নান্দেজ, থিও হার্নান্দেজ, পিয়েরে কালুলু, ইব্রাহিমা কোনাতে, উইলিয়াম সালিবা ও দায়োত উপামেকানো।
মাঝমাঠ: এদুয়ার্দো কামাভিঙ্গা, এনগোলো কান্তে, মানু কোনে, আদ্রিয়েন র‌্যাবিয়ট, অঁরেলিয়ে শুয়ামেনি ও ওয়ারেন জাইরে-এমেরি।
আক্রমণভাগ: ম্যাগনেস আকলিউচে, রায়ান চেরকি, উসমান দেম্বেলে, দেজিরে দুয়ে, হুগো একিতিকে, র‌্যান্ডাল কোলো মুয়ানি, কিলিয়ান এমবাপ্পে, মাইকেল ওলিসে ও মার্কাস থুরাম।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.