Sylhet Today 24 PRINT

চ্যাম্পিয়ন্স লিগ: বার্সেলোনাকে টপকে সেমিফাইনালে অ্যাতলেতিকো মাদ্রিদ

স্পোর্টস ডেস্ক |  ১৫ এপ্রিল, ২০২৬

প্রথম লেগে নিজেদের মাঠে ২ গোলে হেরেছিল বার্সেলোনা। সেমিফাইনালে যেতে তাদের দরকার ছিল ৩ গোলে জয়। অ্যাাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে দ্বিতীয় লেগে তিন গোল করেছে সত্য, কিন্তু এক গোল খেয়ে যাওয়ায় যাওয়া হয়নি তাদের সেমিফাইনালে।

তুমুল লড়াইয়ে কোয়ার্টার-ফাইনালের ফিরতি লেগে বার্সেলোনা ২-১ গোলে জিতলেও, দুই লেগ মিলিয়ে ৩-২ গোলের অগ্রগামিতায় পরের ধাপে জায়গা করে নিয়েছে দিয়েগো সিমেওনের দল।

অথচ ম্যাচের শুরু বলছিল অন্য কথা। প্রথম লেগের দুই গোলের ব্যবধান শুরুর আধা ঘণ্টার মধ্যেই ঘুচিয়ে দিয়েছিল বার্সেলোনা।

মেত্রোপলিতানো স্টেডিয়ামে মঙ্গলবার রাতে লামিনে ইয়ামাল ও ফেররান তরেসের গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় বার্সেলোনা। দুই লেগ মিলিয়ে তখন সমতা। তবে প্রথমার্ধেই ব্যবধান কমিয়ে দুই লেগ মিলিয়ে আতলেতিকোকে এগিয়ে নেন আদেমোলা লুকমান। গোলের হিসাব শেষ ওখানেই। এর পর ডিফেন্ডার এরিক গার্সিয়া লাল কার্ড দেখলে দ্বিতীয়ার্ধের যোগ করা সময় মিলিয়ে শেষ ১৯ মিনিট ১০ জন নিয়ে খেলতে হয় বার্সেলোনাকে। তবে গোলের চেষ্টা করে গেছে ম্যাচের শেষ মুহূর্ত পর্যন্ত, আর ঠেলিয়ে গেছে অ্যাতলেতিকো মাদ্রিদ।

চতুর্থ মিনিটে আতলেতিকোর ক্লেমোঁ লংলের থেকে আলগা বল পেয়ে তরেস পাস দেন বক্সে। অফসাইডের ফাঁদ এড়িয়ে বক্সে ঢুকে নিচু শটে গোলরক্ষকের দুই পায়ের ফাঁক দিয়ে জালে পাঠান ইয়ামাল।

২৪তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে দুই লেগ মিলিয়ে সমতা টানে বার্সা। ওলমোর পাস বক্সে ঢুকে নিয়ন্ত্রণে নিয়ে একটু এগিয়ে বাঁ পায়ের দারুণ শটে জালে পাঠান তরেস।

৩১তম মিনিটে ব্যবধান কমিয়ে দুই লেগ মিলিয়ে ৩-২ গোলে এগিয়ে যায় আতলেতিকো। ডান দিক থেকে মার্কোস ইয়োরেন্তের পাস বক্সে পেয়ে অনায়াসে জালে পাঠান অরক্ষিত লুকমান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.