Sylhet Today 24 PRINT

দল ঘোষণা: অনিশ্চয়তা কাটিয়ে বিশ্বকাপে মেসিকে নিয়েই যাচ্ছে আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক |  ২৯ মে, ২০২৬

২০২৬ বিশ্বকাপেও খেলবেন লিওনেল মেসি। বৃহস্পতিবার রাতে ২৬ সদস্যের দল ঘোষণা করেছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। সেই দলেই জায়গা পেয়েছেন ৩৮ বছর বয়সী এই ফরোয়ার্ড।

২০২২ সালে কাতার বিশ্বকাপে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে আর্জেন্টিনাকে তৃতীয় শিরোপা এনে দিয়েছিলেন মেসি। এবার খেলতে নামলে এটি হবে তার ষষ্ঠ বিশ্বকাপ। এর মধ্য দিয়ে পুরুষ ফুটবলে বিশ্বকাপের ছয়টি আসরে খেলা একমাত্র ফুটবলারদের তালিকায় ক্রিশ্চিয়ানো রোনালদোর পাশে নাম লেখাবেন তিনি।

বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডও এখন মেসির দখলে। এখন পর্যন্ত তিনি খেলেছেন ২৬টি ম্যাচ। ২০২২ বিশ্বকাপে সেরা গোলরক্ষকের পুরস্কার জেতা এমিলিয়ানো মার্তিনেজও আছেন দলে। ইংলিশ ক্লাব ফুটবলে খেলা লিসান্দ্রো মার্তিনেজ, ক্রিস্তিয়ান রোমেরো, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার ও এনসো ফার্নান্দেজও জায়গা পেয়েছেন স্কোয়াডে। দলে আছেন এই সময়ের আলোচিত তরুণ নিকো পাজও।

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠেয় এবারের বিশ্বকাপে ‘জে’ গ্রুপে থাকা আর্জেন্টিনা নিজেদের প্রথম ম্যাচ খেলবে ১৭ জুন আলজেরিয়ার বিপক্ষে, কানসাস সিটিতে। এরপর ডালাসে ২২ জুন অস্ট্রিয়া ও ২৮ জুন জর্ডানের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়নরা।

কদিন আগে ইন্টার মায়ামির হয়ে এমএলএস ম্যাচে বদলি হয়ে মাঠ ছাড়েন মেসি। সে সময় তার চোটে পড়ার গুঞ্জন ছড়িয়ে পড়ে। পরে ক্লাব জানায়, মেসি চোটে পড়েননি। তিনি বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে পেশিতে ক্লান্তি অনুভব করছিলেন। আর্জেন্টিনার জার্সিতে এখন পর্যন্ত ১৯৮ ম্যাচ খেলেছেন মেসি। বিশ্বকাপের আগে হন্ডুরাস ও আইসল্যান্ডের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচে খেললে ২০০ ম্যাচের মাইলফলকও ছুঁয়ে ফেলবেন তিনি।

আর্জেন্টিনার বিশ্বকাপ দল:
গোলরক্ষক: হুয়ান মুসো (আতলেতিকো মাদ্রিদ), গেরোনিমো রুই (মার্সেই), এমিলিয়ানো মার্তিনেজ (অ্যাস্টন ভিলা)।

ডিফেন্ডার: লেওনার্দো বালের্দি (মার্সেই), নিকোলাস তাগলিয়াফিকো (লিঁও), গনসালো মন্তিয়েল (রিভার প্লেট), লিসান্দ্রো মার্তিনেজ (ম্যানচেস্টার ইউনাইটেড), ক্রিস্তিয়ান রোমেরো (টটেনহাম), নিকোলাস ওতামেন্দি (বেনফিকা), ফাকুন্দো মেদিনা (মার্সেই), নাহুয়েল মলিনা (আতলেতিকো মাদ্রিদ)।

মিডফিল্ডার: লিয়ান্দ্রো পারেদেস (রিভার প্লেট), রদ্রিগো দি পল (ইন্টার মায়ামি), ভালেন্তিন বার্কো (স্ট্রাসবুর্গ), জিওভানি লো সেলসো (রিয়াল বেতিস), এজেকিয়েল পালাসিওস (বায়ার লেভারকুসেন), আলেক্সিস ম্যাক অ্যালিস্টার (লিভারপুল), এনজো ফার্নান্দেজ (চেলসি)।

ফরোয়ার্ড: হুলিয়ান আলভারেজ (আতলেতিকো মাদ্রিদ), লিওনেল মেসি (ইন্টার মায়ামি), নিকোলাস গনসালেস (আতলেতিকো মাদ্রিদ), তিয়াগো আলমাদা (আতলেতিকো মাদ্রিদ), জুলিয়ানো সিমিওনে (আতলেতিকো মাদ্রিদ), নিকো পাজ (কোমো), হোসে ম্যানুয়েল লোপেস (পালমেইরাস), লাওতারো মার্তিনেজ (ইন্টার মিলান)।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.