Sylhet Today 24 PRINT

বিশ্বকাপ প্রস্তুতি: পানামাকে ৬ গোল দিল ৫ বারের বিশ্বচ্যাম্পিয়নরা

স্পোর্টস ডেস্ক |  ০১ জুন, ২০২৬

বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে পানামাকে ৬ গোল দিল ৫ বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। রিও দে জেনিরোর মারাকানা স্টেডিয়ামে রোববার রাতের একপেশে ম‍্যাচে ৬-২ গোলে জিতেছে ব্রাজিল। স্বাগতিকদের হয়ে জালের দেখা পেয়েছেন ভিনিসিয়া০স জুনিয়র, কাসেমিরো, লুকাস পাকেতা, রায়ান, ইগো চিয়াগো ও দানিলো সান্তোস।

পানামার প্রথম গোলটি মাথেউস কুইয়ার আত্মঘাতী। দ্বিতীয়টি করেছেন কার্লোস হার্ভে।

ম্যাচের দ্বিতীয় মিনিটেই এগিয়ে যায় ব্রাজিল। কাসেমিরোর কাছ থেকে বল পেয়ে ৩৫ গজ দূর থেকে গতিময় শটে জাল খুঁজে নেন ভিনিসিয়াস।

চতুর্দশ মিনিটে সৌভাগ‍্যের ছোঁয়া থাকা গোলে সমতা ফেরায় পানামা। আমির মুরিয়োর ফ্রি কিক ঠেকাতে ঠিক দিকেই যাচ্ছিলেন ব্রাজিল গোলরক্ষক আলিসন বেকার। মাঝপথে লাফিয়ে ওঠা কুইয়ার মাথায় লেগে দিক পাল্টে বল জড়ায় জালে! মরিয়া চেষ্টায়ও আর বলের নাগাল পাননি আলিসন।

৩৯তম মিনিটে ফের ব্রাজিলকে এগিয়ে নেন কাসেমিরো। ভিনিসিয়াসের চমৎকার ক্রসে দারুণ হেডে জাল খুঁজে নেন অভিজ্ঞ মিডফিল্ডার।

বিরতির পর ডিফেন্ডার লিও পেরেইরা ছাড়া বাকি ১০ জনকেই বদলে ফেলেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। ৫২তম মিনিটে শট লক্ষ‍্যে রাখতে পারেননি এন্দ্রিক। পরের মিনিটে ব‍্যবধান বাড়ায় ব্রাজিল। ইগো চিয়াগোর কাছ থেকে বল পেয়ে জাল খুঁজে নেন রায়ান।

৬০তম মিনিটে স্কোর লাইন ৪-১ করেন লুকাস পাকেতা। ডি বক্সের মাথা থেকে এই মিডফিল্ডারের শট পানামার একজনের পায়ে লেগে দিক পাল্টে দূরের পোস্ট ঘেঁষে জড়ায় জালে।

৬৩তম মিনিটে সফল স্পট কিকে ব্রাজিলের পঞ্চম গোলটি করেন চিয়াগো। তাকে পানামা গোলরক্ষক ফাউল করায় পেনাল্টি পায় স্বাগতিকরা।

৮১তম মিনিটে স্কোর লাইন ৬-১ করেন দানিলো সান্তোস। পাকেতার ক্রসে বল নিয়ন্ত্রণে নিয়ে, সঙ্গে থাকা ডিফেন্ডারের চ‍্যালেঞ্জ এড়িয়ে জাল খুঁজে নেন তিনি।

৮৪তম মিনিটে ডি বক্সের বাইরে আলগা বল পেয়ে জোরাল শটে ঠিকানা খুঁজে নেন পানামার কার্লোস হার্ভে।

আগামী রোববার নিজেদের শেষ প্রীতি ম‍্যাচে মিশরের মুখোমুখি হবে ব্রাজিল। ১৪ জুন বিশ্বকাপে নিজেদের প্রথম ম‍্যাচ মরক্কোর বিপক্ষে খেলবে তারা। এদিকে, বিশ্বকাপের আগে আরও দুটি প্রীতি ম‍্যাচ খেলবে পানামা। আগামী ১৮ জুন ঘানার বিপক্ষে ম‍্যাচ দিয়ে শুরু হবে তাদের বিশ্বকাপ অভিযান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.