Sylhet Today 24 PRINT

বিশ্বকাপ দেখা যাবে বিটিভিতে, ৭৩ কোটি টাকায় কেনা হচ্ছে সম্প্রচারস্বত্ব

সিলেটটুডে ডেস্ক |  ০৮ জুন, ২০২৬

ফিফা বিশ্বকাপ-২০২৬-এর ‘অল মিডিয়া সম্প্রচারস্বত্ব’ কিনতে বিটিভির প্রস্তাব অনুমোদন করেছে সরকারের অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ও সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

ফিফা থেকে কোনো দরপত্র ছাড়া অর্থাৎ সরাসরি ক্রয়প্রক্রিয়া পদ্ধতিতে (ডিপিএম) বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) জন্য এ স্বত্ব কেনা হচ্ছে। এতে মোট খরচ হচ্ছে ৭২ কোটি ৭০ লাখ টাকা। আগের বারের চেয়ে এবার খরচ কমল ২৫ কোটি টাকা। আগের বারের অর্থাৎ ২০২২ সালের বিশ্বকাপ ফুটবলের প্রচারস্বত্ব কিনতে বিটিভি অনেক জটিল প্রক্রিয়া অনুসরণ করেছিল। সেবার এ স্বত্ব কেনা হয়েছিল ৯৮ কোটি টাকায়। বিটিভির কাছে তা বিক্রি করেছিল তমা কনস্ট্রাকশন অ্যান্ড কোম্পানি।

রোববার জাতীয় সংসদের মন্ত্রিসভা কক্ষে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে প্রথমে বিষয়টির নীতিগত অনুমোদন হয়। এরপর সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে ফিফা থেকে সরাসরি সম্প্রচারস্বত্ব কেনার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। উভয় বৈঠকেই সভাপতিত্ব করেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

জানা গেছে, ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ‘অল মিডিয়া রাইটস’ ক্রয়ের মূল চুক্তিমূল্য নির্ধারণ করা হয়েছে ৭২ কোটি ৭০ লাখ ৫৭ হাজার ৬৯২ টাকা। সরাসরি ক্রয়প্রক্রিয়ায় ফিফা থেকে এই সম্প্রচারস্বত্ব কেনা হবে। এর ফলে দেশের ফুটবলপ্রেমীরা সরকারি টেলিভিশন চ্যানেল বিটিভির মাধ্যমে বিশ্বকাপের সব ম্যাচের সরাসরি সম্প্রচার উপভোগ করার সুযোগ পাবেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সাধারণত এ ধরনের আন্তর্জাতিক টুর্নামেন্টের সম্প্রচারস্বত্ব বিভিন্ন থার্ড-পার্টি বা মধ্যস্বত্বভোগী এজেন্সির কাছ থেকে চড়া মূল্যে কিনতে হতো। তবে এবার সরাসরি ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার কাছ থেকে ‘অল মিডিয়া রাইটস’ কেনায় স্বচ্ছতা নিশ্চিত হয়েছে এবং রাষ্ট্রীয় অর্থের সাশ্রয় হয়েছে। ‘অল মিডিয়া রাইটস’ বা সম্পূর্ণ সম্প্রচারস্বত্ব পাওয়ার কারণে বিটিভি কেবল স্যাটেলাইট টেলিভিশনই নয়, বরং তাদের টেরেস্ট্রিয়াল চ্যানেল, ডিজিটাল প্ল্যাটফর্ম এবং ওটিটি অ্যাপের মাধ্যমেও এই খেলাগুলো প্রচারের আইনি অধিকার পাবে। যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডার যৌথ আয়োজনে আগামী ১১ জুন থেকে শুরু হতে যাচ্ছে ফুটবলের এই মহাযজ্ঞ, যা চলবে ১৯ জুলাই পর্যন্ত। ইতিহাসে এই প্রথম রেকর্ড সংখ্যক ৪৮টি দল নিয়ে মোট ১০৪টি ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে। উদ্বোধনী ম্যাচটি হবে মেক্সিকোর ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে এবং ফাইনাল ম্যাচটি হবে নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.