Sylhet Today 24 PRINT

ডাচ ঝড়ের সামনে দাঁড়াতেই পারল না সুইডিশরা

বিশ্বকাপ ফুটবল ২০২৬

স্পোর্টস ডেস্ক |  ২১ জুন, ২০২৬

গ্রুপ পর্বের প্রথম ম্যাচে জাপানের বিপক্ষে পয়েন্ট হারানোর ধাক্কাটা যে নেদারল্যান্ডস এভাবে কাটিয়ে উঠবে, তা হয়তো ভাবেনি সুইডেন। হিউস্টনে ডাচ ঝড়ের সামনে দাঁড়াতেই পারল না সুইডিশরা।

কোডি গাকপো ও ব্রায়ান ব্রবির জোড়া গোলের ওপর ভর করে সুইডেনকে ৫–১ গোলের বিশাল ব্যবধানে গুঁড়িয়ে দিয়েছে নেদারল্যান্ডস। এই জয়ে 'এফ' গ্রুপের শীর্ষস্থানও দখল করে নিল ডাচরা।

ম্যাচের শুরু থেকেই সুইডেনের রক্ষণভাগকে ব্যস্ত রাখে নেদারল্যান্ডসের ফরোয়ার্ডরা। ম্যাচের মাত্র ৫ মিনিটেই ডেডলক ভাঙেন ব্রায়ান ব্রবি। লিভারপুল তারকা কোডি গাকপোর চমৎকার এক পাস থেকে সুইডিশ জালে বল পাঠান এই সান্ডারল্যান্ড ফরোয়ার্ড।
শুরুর ধাক্কা সামলে ওঠার আগেই ১৭ মিনিটে আবারও ব্রবির চমক। এবার ডান প্রান্ত থেকে ডেনজেল ডামফ্রিসের মাপা পাসে আলতো ছোঁয়ায় নিজের দ্বিতীয় ও দলের ব্যবধান ২-০ করেন তিনি।

প্রথমার্ধের শেষ দিকে সুইডেন কিছু আক্রমণ চালালেও ডাচ গোলরক্ষক বার্ট ভারব্রুগেনের দুটি দুর্দান্ত সেভে ব্যবধান ধরে রেখেই বিরতিতে যায় নেদারল্যান্ডস।

বিরতি থেকে ফিরেই আরও ভয়ঙ্কর হয়ে ওঠে ডাচরা। ৪৭ মিনিটে এবার স্কোরবোর্ডে নাম লেখান কোডি গাকপো। ডামফ্রিসের অ্যাসিস্ট থেকে দারুণ ফিনিশিংয়ে গোল করেন এই লিভারপুল তারকা।

এর ঠিক সাত মিনিট পর, অর্থাৎ ৫৪ মিনিটে নিজের জোড়া গোল পূর্ণ করেন গাকপো। তাঁর এই চোখধাঁধানো শটের গোলটি ছিল চলতি বিশ্বকাপের ১০০তম গোল।

৩৩তম ম্যাচেই ১০০ গোলের এই মাইলফলক স্পর্শ করার মাধ্যমে ১৯৫৮ সালের পর দ্রুততম সময়ে ১০০ গোলের নতুন রেকর্ড দেখল ফুটবল বিশ্ব।

৪-০ ব্যবধানে পিছিয়ে পড়ার পর ম্যাচের ৫৯ মিনিটে প্রতি-আক্রমণ থেকে সুইডেনের হয়ে সান্ত্বনাসূচক একটি গোল শোধ করেন বদলি খেলোয়াড় অ্যান্থনি এলাঙ্গা।

তবে ম্যাচের একেবারে শেষ মুহূর্তে, ৮৯ মিনিটে সুইডেনের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন ক্রিসেনসিও সামারভিল। তাঁর চমৎকার ফিনিশিংয়ে ৫-১ গোলের বিশাল জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে নেদারল্যান্ডস।

নিজেদের প্রথম ম্যাচে তিউনিসিয়াকে ৫–১ গোলে হারিয়ে ফুরফুরে মেজাজে থাকা সুইডেন আজ একই ব্যবধানে হেরে মাঠ ছাড়ল।

অন্যদিকে, প্রথম ম্যাচে ড্র করা নেদারল্যান্ডস এই রাজকীয় জয়ে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ 'এফ'-এর টেবিলের শীর্ষে আরোহণ করল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.