Sylhet Today 24 PRINT

ডিআর কঙ্গোকে হারিয়ে বিশ্বকাপের নকআউট পর্বে কলম্বিয়া

স্পোর্টস ডেস্ক |  ২৪ জুন, ২০২৬

২০২৬ ফুটবল বিশ্বকাপে নিজেদের টানা দ্বিতীয় জয় তুলে নিয়ে শেষ বত্রিশের (নকআউট পর্ব) টিকিট নিশ্চিত করল লাতিন আমেরিকার দল কলম্বিয়া।

মেক্সিকোর গুয়াদালাহারার এস্তাদিও অ্যাক্রন স্টেডিয়ামে ‘কে’ গ্রুপের ম্যাচে ডিআর কঙ্গোকে ১-০ গোলে হারিয়েছে তারা।

কলম্বিয়ার এই জয়ের ফলে এই গ্রুপ থেকে উজবেকিস্তানের বিদায় নিশ্চিত হয়ে গেছে। তবে প্রথম ম্যাচে পর্তুগালের সাথে ড্র করা কঙ্গো হেরে গেলেও তাদের নকআউটের আশা এখনই শেষ হয়ে যায়নি।

ম্যাচের শুরু থেকেই কঙ্গোর ওপর অলআউট আক্রমণ চালাতে থাকে কলম্বিয়া। তবে তাদের সামনে বারবার প্রাচীর হয়ে দাঁড়ান কঙ্গোর গোলরক্ষক লিওনেল এমপাসি। তাঁর দুর্দান্ত পারফরম্যান্সের কারণে প্রথমার্ধে কোনো গোলের দেখা পায়নি লাতিন দেশটি।
ম্যাচের ষষ্ঠ মিনিটে একবার কঙ্গোর জালে বল জড়িয়েছিল কলম্বিয়া, তবে অফসাইডের কারণে সেই গোলটি বাতিল করেন রেফারি।

দ্বিতীয়ার্ধে নেমে কাঙ্ক্ষিত গোলের জন্য আরও মরিয়া হয়ে ওঠে কলম্বিয়া। কিন্তু এবারও তাদের একের পর এক আক্রমণ নস্যাৎ করে দেন কঙ্গো গোলরক্ষক।

অবশেষে ম্যাচের ৭৬ মিনিটে ডেডলক ভাঙেন ডিফেন্ডার দানিয়েল মুনিওস। তাঁর করা একমাত্র দর্শনীয় গোলটিতে ভর করেই ম্যাচে লিড নেয় কলম্বিয়া।

পিছিয়ে পড়ার পর কঙ্গো যখন সমতায় ফিরতে মরিয়া, তখন ম্যাচের ৭৯ এবং ৮০তম মিনিটে পর পর দুবার কঙ্গোর জালে বল পাঠান কলম্বিয়ার বায়ার্ন মিউনিখ তারকা লুইস দিয়াজ। তবে দুবারই অফসাইডের ফাঁদে পড়ায় গোল দুটি বাতিল হয়ে যায়। শেষ পর্যন্ত মুনিওসের করা ওই একমাত্র গোলের লিড ধরে রেখেই পূর্ণ ৩ পয়েন্ট ও নকআউটের টিকিট নিয়ে মাঠ ছাড়ে কলম্বিয়া।

২ ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে কলম্বিয়া পরের রাউন্ডে চলে গেলেও ‘কে’ গ্রুপের অন্য দল পর্তুগাল (৪ পয়েন্ট) এবং ডিআর কঙ্গোকে (১ পয়েন্ট) শেষ ষোলোর লড়াইয়ে টিকে থাকতে গ্রুপ পর্বের শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.