Sylhet Today 24 PRINT

আইভরিকোস্টকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিলের সামনে নরওয়ে

স্পোর্টস ডেস্ক |  ০১ জুলাই, ২০২৬

যুক্তরাষ্ট্রের ডালাসে শেষ ৩২-এর ম্যাচে আইভরিকোস্টকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলো বা রাউন্ড অব সিক্সটিনের টিকিট কেটেছে ইউরোপের দল নরওয়ে।

এই জয়ের ফলে আগামী ৫ জুলাই নিউ জার্সিতে কোয়ার্টার ফাইনালে ওঠার হাইভোল্টেজ লড়াইয়ে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি হবে আর্লিং হালান্ডের দল।

ফ্রান্সের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে হালান্ড-ওডেগার্ডদের বিশ্রামে রেখে পুরো একাদশ প্রায় বদলে ফেলেছিলেন নরওয়েজিয়ান কোচ। তবে নকআউটের এই ম্যাচে চেনা শক্তির একাদশ নিয়েই মাঠে নামে তারা। ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণ-পাল্টা আক্রমণে মেতে উঠলেও ৩৯তম মিনিটে প্রথম ডেডলক ভাঙেন আন্তোনিও নুসা। বক্সের বাইরে থেকে নেওয়া দারুণ এক কোনাকুনি শটে আইভরিকোস্টের জাল কাঁপিয়ে নরওয়েকে ১-০ ব্যবধানে এগিয়ে নেন এই উইঙ্গার।

প্রথমার্ধে আইভরিকোস্ট সমতা ফেরানোর জন্য বেশ কিছু জোরালো আক্রমণ করলেও নরওয়ের রক্ষণভাগের সতর্কতায় তা সফল হয়নি।

দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে আফ্রিকার পরাশক্তিরা। ম্যাচের ৬০ মিনিট পার হওয়ার পরও যখন নরওয়ে লিড ধরে রেখেছিল, ঠিক তখনই আইভরিকোস্টের ডাগআউট থেকে আসে সেই মোক্ষম পরিবর্তন। বেঞ্চ থেকে মাঠে নেমেই জাদুকরী এক মুহূর্ত উপহার দেন ম্যানচেস্টার ইউনাইটেড তারকা আমাদ দিয়ালো। ৭৪তম মিনিটে সম্পূর্ণ একক কৃতিত্বে নরওয়ের একাধিক ডিফেন্ডারকে বোকা বানিয়ে বল জালে জড়ান তিনি।

চলতি বিশ্বকাপে এটি দিয়ালোর দ্বিতীয় গোল। তার এই দর্শনীয় গোলে ১-১ সমতায় ফিরে নতুন করে উল্লাসে মাতে আইভরিকোস্ট শিবির।

ম্যাচ যখন সমতায় শেষ হয়ে অতিরিক্ত সময়ের দিকে এগোচ্ছিল, ঠিক তখনই দৃশ্যপটে হাজির হন নরওয়ের ‘গোলমেশিন’ আর্লিং হালান্ড। ম্যাচের ৮৬তম মিনিটে আইভরিকোস্টকে স্তব্ধ করে দেন এই ম্যানচেস্টার সিটি স্ট্রাইকার। মাঝমাঠ থেকে প্যাট্রিক বার্গ আইভরিকোস্টের তিন ডিফেন্ডারের ফাঁদ এড়িয়ে নিখুঁত এক পাস বাড়ান হালান্ডের উদ্দেশ্যে, আর আলতো ছোঁয়ায় বল জালে জড়াতে কোনো ভুল করেননি এই ফরোয়ার্ড। চলতি বিশ্বকাপে এটি হালান্ডের ৫ম গোল।

হালান্ডের এই অন্তিম মুহূর্তের গোলোৎসবের ওপর ভর করেই ২-১ ব্যবধানের রুদ্ধশ্বাস জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে নরওয়ে। রেফারির শেষ বাঁশি বাজার সাথে সাথেই শেষ ১৬-তে ওঠার উল্লাসে মাতে নরওয়ে শিবির, আর প্রথমবার নকআউটে ওঠার ইতিহাস গড়েও শেষ মুহূর্তের ট্র্যাজিক বিদায়ের বেদনায় পুড়তে হয় আইভরিকোস্টকে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.