Sylhet Today 24 PRINT

লোডশেডিং বন্ধ করে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করুন: বাসদ

সিলেটটুডে ডেস্ক |  ০১ জুলাই, ২০২৬

বিদ্যুৎ খাতে লুটপাট-দুর্নীতি-লোডশেডিং বন্ধ করে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত কর, মার্কিন বাণিজ্য চুক্তি বাতিল, বাজেটে শিক্ষা-স্বাস্হ্য-কৃষিসহ সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ বাড়ানোর দাবিতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বুধবার (১ জুলাই) সকাল সাড়ে ১১টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বাসদ জেলা আহ্বায়ক আবু জাফর এর সভাপতিত্বে ও বাসদ জেলা সদস্য জুবায়ের আহমদ চৌধুরী সুমন এর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বেলাল হোসেন, মনজুর আহমদ, প্রীতম রায়, হোসেন আহমদ, মিজান মিয়া, মাহফুজ আহমদ, সৈকত হোসেন, তৌফিক এলাহী, তানবীর আহমদ, রাসেল মিয়া প্রমূখ।

মানববন্ধনে বক্তারা বলেন, জ্বালানি তেল, গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধির ফলে জনগণের ভোগান্তি বেড়েছে। ঘন ঘন লোডশেডিংয়ের কারণে অতীষ্ট জনজীবন। বক্তারা দুর্নীতি-লুটপাট-লোডশেডিং বন্ধ করে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার আহ্বান জানান।

বক্তারা বলেন,আই এম এফের পরামর্শে জনগনের উপর পরোক্ষ করের বোঝা বাড়ানো হয়েছে, ধনীর স্বার্থে উৎস কর কমানো হয়েছে। এই বিশাল বাজেটে নতুন কর্মসংস্থান সৃষ্টি ও মুদ্রাস্ফীতি কমানোর আশা করা হলেও সুনির্দিষ্ট কোন দিকনির্দেশনা নেই। শিক্ষা - স্বাস্থ্য - কৃষিসহ জনকল্যাণমুখী খাত অবহেলিতই রয়ে গেছে। সংবিধানে অনুপার্জিত আয় ভোগ করা যাবেনা বলা হলেও বাজেটে কালো টাকা সাদা করার সিদ্ধান্ত সংবিধানের সাথে সাংঘর্ষিক ও দুর্নীতিকে উৎসাহিত করবে।

নেতৃবৃন্দ বলেন, চট্টগ্রাম বন্দরের লাভজনক নিউমুরিং কন্টেইনার টার্মিনাল বিদেশি কোম্পানি ডিপি ওয়াল্ডকে ইজারা দেয়ার পাঁয়তারা বিগত স্বৈরাচারী হাসিনা সরকার ও ইউনুস সরকার করেছিল, বর্তমান সরকারও ঐ পক্রিয়া অব্যাহত রেখেছে। বিগত অন্তর্বর্তী সরকার নির্বাচনের ৩ দিন আগে আমেরিকার সাথে যে অসম বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে, তা আমাদের কৃষি- ঔষধশিল্পসহ আর্থিক ও বানিজ্যিক খাত ধ্বংস এবং সার্বভৌমত্বের জন্য হুমকি হিসেবে দেখা দিয়েছে। বর্তমান সরকার এই দাসত্বের চুক্তি বাতিল না করে জনমতের তোয়াক্কা না করে বাস্তবায়ন শুরু করে দিয়েছে, এটি দেশ ও জাতির জন্য অশনিসংকেত। নেতৃবৃন্দ মার্কিনের সাথে করা গোলামী চুক্তি বাতিলের দাবিতে এবং সাম্রাজ্যবাদী আগ্রাসন ও দেশী বিদেশি লুটপাটকারীদের বিরুদ্ধে রাজপথের আন্দোলনে যুক্ত হওয়ার জন্য সকল দেশপ্রেমিক জনগনের প্রতি উদাত্ত আহ্বান জানান।

নেতৃবৃন্দ সিলেট নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, শ্রমজীবী মানুষদের হয়রানি বন্ধের আহ্বান জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.