Sylhet Today 24 PRINT

বসনিয়াকে হারিয়ে শেষ ষোলোয় যুক্তরাষ্ট্র

স্পোর্টস ডেস্ক |  ০২ জুলাই, ২০২৬

বসনিয়া-হার্জেগোভিনাকে ২-০ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে স্বাগতিকরা।

সান ফ্রান্সিসকোতে দাপুটে পারফরম্যান্সে বসনিয়া-হার্জেগোভিনাকে হারিয়ে বিশ্বকাপে আরো এগিয়ে গেল স্বাগতিক যুক্তরাষ্ট্র। ম্যাচের একপর্যায়ে ১০ জনের দলে পরিণত হলেও জয় তুলে নিতে কোনো সমস্যা হয়নি আমেরিকানদের।

বাংলাদেশ সময় আগামী ৭ জুলাই শেষ ষোলোতে বেলজিয়ামের মুখোমুখি হবে তারা।

আজ শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ ছিল যুক্তরাষ্ট্রের দখলে। প্রথমার্ধে হাইড্রেশন ব্রেক পর্যন্ত কোনো দল গোলের দেখা না পেলেও বলের দখল ও আক্রমণে আধিপত্য ছিল স্বাগতিকদের। ম্যাচের ২৪ মিনিট পর্যন্ত ৭৮ শতাংশ বল নিজেদের নিয়ন্ত্রণে রাখে যুক্তরাষ্ট্র। তবে ওই সময় নেওয়া দুটি শটের কোনোটিই লক্ষ্যে রাখতে পারেননি ক্রিশ্চিয়ান পুলিসিকরা!

ক্রমাগত আক্রমণের ফল পেতে অবশ্য বেশি অপেক্ষা করতে হয়নি স্বাগতিকদের। প্রথমার্ধের ৪৫তম মিনিটে মালিক টিলম্যানের তৈরি করা আক্রমণ থেকে এগিয়ে যায় যুক্তরাষ্ট্র। তার বাড়ানো বল বসনিয়ার দুই ডিফেন্ডারের গায়ে লেগে ফোলারিন বালোগানের সামনে চলে আসে। সুযোগটি কাজে লাগিয়ে এগিয়ে আসা গোলরক্ষককে পরাস্ত করে স্বাগতিকদের হয়ে প্রথম গোলটি করেন এই স্ট্রাইকার।

দ্বিতীয়ার্ধে ম্যাচের ৬৪তম মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন প্রথম গোলদাতা বালোগান। তবে একজন কম নিয়ে খেলেও ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখে যুক্তরাষ্ট্র। বরং ৮২তম মিনিটে ফ্রি-কিক থেকে দুর্দান্ত গোল করে ব্যবধান দ্বিগুণ করেন মালিক টিলম্যান। শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে স্বাগতিকরা।

এই জয়ে বসনিয়া-হার্জেগোভিনার বিশ্বকাপ স্বপ্নের ইতি ঘটেছে প্রথম নকআউট ম্যাচেই। অন্যদিকে শেষ ষোলো নিশ্চিত করে বেলজিয়ামের বিপক্ষে লড়াইয়ের প্রস্তুতি নেবে যুক্তরাষ্ট্র।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.