Sylhet Today 24 PRINT

‘কমিটির টিম’ বলায় ক্ষেপে গেলেন আর্জেন্টিনার কোচ

সিলেটটুডে ডেস্ক |  ০৩ জুলাই, ২০২৬

বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে দীর্ঘদিন ধরেই একটি অভিযোগ ঘুরে বেড়ায়—বড় আসরে নাকি দলটি রেফারি বা আয়োজকদের কাছ থেকে বিশেষ সুবিধা পায়।

কেপ ভার্দের বিপক্ষে রাউন্ড অব ৩২-এর ম্যাচের আগে সেই বিতর্কই উঠে আসে আর্জেন্টিনা কোচ লিওনেল স্ক্যালোনির সংবাদ সম্মেলনে। তবে ক্ষুব্ধ হয়ে অভিযোগটি স্পষ্টভাবে নাকচ করে দিয়েছেন তিনি।

মায়ামিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে স্ক্যালোনিকে প্রশ্ন করা হয়, ফিফা কি আর্জেন্টিনাকে বাড়তি সুবিধা দিচ্ছে? জবাবে তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের দাবি ছড়িয়ে পড়ে, কিন্তু সেগুলোর সবই সত্য নয়। তার মতে, দল জিতলেই অনেক সময় এমন অভিযোগ সামনে আসে।

স্ক্যালোনি বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে যে কেউ যা খুশি লিখতে বা বলতে পারে, আর সেগুলো খুব দ্রুত ভাইরাল হয়ে যায়। তাই এ ধরনের গুজবে খুব বেশি মনোযোগ দেয়া উচিত নয়। এসব বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন। কারণ দল জিতলেই অনেকেই এমন অভিযোগ তোলে।’

আর্জেন্টিনা কোচ জোর দিয়ে বলেন, দলের সাফল্যের পেছনে কোনো বিশেষ সুবিধা নয়, বরং কঠোর পরিশ্রমই মূল কারণ। লিওনেল মেসি থেকে শুরু করে দলের কিটম্যান মারিও দে স্তেফানো—সবার সম্মিলিত প্রচেষ্টায় বর্তমান অবস্থানে পৌঁছেছে বিশ্বচ্যাম্পিয়নরা।

সম্প্রতি আলজেরিয়ার বিপক্ষে ম্যাচে মেসির একটি ফাউলের ঘটনায় রেফারি কার্ড না দেখানোকে কেন্দ্র করে নতুন করে বিতর্ক শুরু হয়। আলজেরিয়া এ নিয়ে ফিফার কাছেও অভিযোগ করেছে। এরপর থেকেই আর্জেন্টিনাকে নিয়ে বিশেষ সুবিধা পাওয়ার আলোচনা আরও জোরালো হয়েছে।

বাংলাদেশ সময় শনিবার ভোর ৪টায় কেপ ভার্দের বিপক্ষে শেষ ৩২-এর ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.