Sylhet Today 24 PRINT

অভিষেক যেখানে, সে মাঠ থেকেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় নেইমারের

স্পোর্টস ডেস্ক |  ০৬ জুলাই, ২০২৬

২০১০ সালের আগস্টে যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামেই যুক্তরাষ্ট্রের বিপক্ষে এক প্রীতি ম্যাচের মাধ্যমে নেইমারের আন্তর্জাতিক অভিষেক হয়েছিল। ২০২৬ সালে সে একই মাঠে বিশ্বকাপের ম্যাচ শেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ব্রাজিলিয়ান এই মহাতারকা।

অভিষেক ম্যাচে যেমন গোল করে শুরু করেছিলেন নেইমার, বিদায়ী ম্যাচেও করেছেন গোল।

রোববার টুর্নামেন্টের শেষ ষোলো থেকে নরওয়ের কাছে হেরে বিদায়ের পর অশ্রুসিক্ত নয়নে তিনি জানান, ব্রাজিলের হয়ে ক্যারিয়ারের এখানেই ইতি টানছেন তিনি।

নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে ২-১ ব্যবধানে হেরেছে ব্রাজিল। নরওয়ের হয়ে দুটি গোলই করেছেন আর্লিং হালান্ড। ব্রাজিলের পক্ষে শেষ মুহূর্তে পেনাল্টি থেকে একমাত্র গোলটি করেন নেইমার। ১৯৯০ সালের পর বিশ্বকাপে এটিই ব্রাজিলের সবচেয়ে দ্রুততম বিদায়।

ম্যাচের শেষ বাঁশি বাজার পর মাঠেই কান্নায় ভেঙে পড়েন ৩৪ বছর বয়সী নেইমার। সতীর্থরা তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন। ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম গ্লোবো-কে নেইমার বলেন, 'আমি চেষ্টা করেছি, অনেক চেষ্টা করেছি। এখন সব শেষ। এখানেই আমার শুরু হয়েছিল, এখানেই শেষ হলো।'

ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হিসেবে নেইমার তার ক্যারিয়ার শেষ করছেন। জাতীয় দলের হয়ে তার মোট গোল সংখ্যা ৮০টি, যা কিংবদন্তি পেলের চেয়ে তিনটি বেশি।

রোববারের গোলটি করার মাধ্যমে পেলের পর দ্বিতীয় ব্রাজিলিয়ান হিসেবে চারটি ভিন্ন বিশ্বকাপে গোল করার নজির গড়লেন নেইমার। এছাড়া দেশের হয়ে ১৩০টি ম্যাচ খেলেছেন তিনি, যা কাফুর (১৪২ ম্যাচ) পর দ্বিতীয় সর্বোচ্চ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.