স্পোর্টস ডেস্ক | ০৮ জুলাই, ২০২৬
বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচে রেফারিদের বিতর্কিত সিদ্ধান্তের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার কাছে অভিযোগ দায়ের করেছে মিসরীয় ফুটবল ফেডারেশন (ইএফএ)। একই সঙ্গে ম্যাচটিতে দায়িত্ব পালন করা ফরাসি রেফারিং প্যানেলকে চলতি টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো থেকে বহিষ্কারের দাবিও জানিয়েছে তারা।
খেলাধুলা বিষয়ক গণমাধ্যম ‘উইন উইন অল স্পোর্টস’-এর বরাত দিয়ে বিখ্যাত ফুটবল সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো তাঁর এক ফেসবুক স্ট্যাটাসে এই তথ্য নিশ্চিত করেছেন।
মিসরীয় ফুটবল ফেডারেশনের সভাপতি হানি আবু রিদা আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচে ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেটেক্সিয়ার এবং তাঁর সহকারী রেফারিদের নেওয়া বেশ কিছু সিদ্ধান্তকে ‘গুরুতর ভুল’ হিসেবে আখ্যায়িত করেছেন। তাঁর মতে, রেফারিদের এসব ভুল সিদ্ধান্তের কারণেই মিসরকে ম্যাচটিতে পরাজয় বরণ করতে হয়েছে।
এই অবিচারের প্রতিবাদে এবং টুর্নামেন্টের নিরপেক্ষতা বজায় রাখতে ওই ফরাসি রেফারিং দলকে বিশ্বকাপের বাকি ম্যাচগুলো পরিচালনা করা থেকে পুরোপুরি বাদ দেওয়ার জোরালো অনুরোধ জানিয়েছে মিসর।
উল্লেখ্য, নকআউট পর্বে এই হাইভোল্টেজ ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে মিসরের হার এবং রেফারির কিছু সিদ্ধান্ত নিয়ে মাঠের ভেতরে ও বাইরে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছিল। মিসরীয় ফেডারেশনের এই আনুষ্ঠানিক অভিযোগের পর ফিফা এখন কী পদক্ষেপ নেয়, সেটাই এখন দেখার বিষয়।