Sylhet Today 24 PRINT

প্রতিপক্ষকে গুঁড়িয়ে দিতে মেসির ৫ সেকেন্ডই যথেষ্ট: ইংলিশ কোচ

সিলেটটুডে ডেস্ক |  ১৬ জুলাই, ২০২৬

লিওনেল মেসি কী করতে পারেন, সেটা সবারই জানা। কোচ হওয়ায় টমাস টুখেল আরো ভালো করেই অবগত ছিলেন। তাই সেমিফাইনালে মুখোমুখি হওয়ার আগে আর্জেন্টিনার অধিনায়ককে আটকানোর কথাই জানিয়েছিলেন ইংল্যান্ডের কোচ।

কিন্তু ম্যাচ শেষে ভিন্ন কিছুই দেখা গেল। আটলান্টায় অধিকাংশ সময় মেসিকে কড়া মার্কিংয়ে রাখলেও দিন শেষে তার কাছেই হেরেছে টুখেলের কৌশল। কেননা ৮৪ মিনিট পর্যন্ত ১-০ গোলে ইংল্যান্ড এগিয়ে থাকার পরেও আর্জেন্টিনার কাছে ম্যাচ হেরেছে ২-১ গোলে।

গোল দুটির মালিক এনজো ফার্নান্দেজ ও লাউতারো মার্তিনেজ হলেও সর্বশেষ পাস দুটি মেসির কাছ থেকেই পেয়েছিলেন তারা।

কিভাবে প্রতিপক্ষের রক্ষণভাগ ভাঙতে হয় তা ভালো করেই জানা মেসির। ম্যাচ শেষে তাই ৩৯ বছর বয়সী তারকার প্রশংসা না করে উপায় ছিল না টুখেলের। তার মতে, সব কিছু গুঁড়িয়ে দিতে মেসির ৫ সেকেন্ডই যথেষ্ট।

ম্যাচ শেষে টুখেল বলেছেন, ‘আপনি হয়তো তাকে (মেসি) ৮৫ মিনিট আটকে রাখতে পারবেন, কিন্তু সব কিছু গুঁড়িয়ে দেওয়ার জন্য মেসির ৫ সেকেন্ডই যথেষ্ট। আজ (গতকাল) আমরা এমন একজন ফুটবলারের কাছে হেরেছি, যে ৩৯ বছর বয়সেও ফুটবল খেলাটাকে নতুন করে সংজ্ঞায়িত করে চলেছে। এর অর্থ—নিজের চোখের সামনেই ইতিহাস তৈরি হতে দেখা।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.