Sylhet Today 24 PRINT

ফাইনালে হেরে যাওয়া নিয়ে যা বললেন মেসি

সিলেটটুডে ডেস্ক  |  ২১ জুলাই, ২০২৬

টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের স্বপ্ন চুরমার হয়ে গেছে ফাইনালের মঞ্চে। এই কষ্ট ভুলতে অনেক সময় লাগবে বলে মনে করেন লিওনেল মেসি। তবে ভালো দিকগুলোও মনে রাখতে চান আর্জেন্টিনা অধিনায়ক।

নিউ জার্সিতে রোববারের ফাইনালে খুবই বিবর্ণ পারফরম্যান্সে স্পেনের বিপক্ষে ১-০ গোলে হারে ২০২২ সালের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

ম্যাচের পর, গ্যালারির সামনে গিয়ে মেসির কান্নার ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। সোমবার ইনস্টাগ্রাম পোস্টে ফাইনালে হারের হতাশা প্রকাশের পাশাপাশি বিশ্বকাপে দলের পুরো যাত্রা তুলে ধরেন আর্জেন্টিনার মহাতারকা।

তিনি লিখেন, ‘কষ্টটা সীমাহীন এবং এই ক্ষত সারতে সময় লাগবে। কিন্তু আমি সব ভালো দিকগুলোও মনে ধারণ করতে চাই... যে ম্যাচগুলোতে আমরা নিজেদের সর্বস্ব দিয়ে ঘুরে দাঁড়িয়েছি, যা আমাদের স্মৃতিতে চিরকাল রয়ে যাবে; পুরো দেশের সমর্থন, যা এই দলের কাজ ও প্রচেষ্টার সঙ্গে মিলে আমাদেরকে আরও একবার বিশ্বের সেরাদের কাতারে নিয়ে এসেছে। আমরা যা করেছি, তার মর্ম পুরোপুরি উপলব্ধি করা এই মুহূর্তে কঠিন। এই দল টানা দুটি বিশ্বকাপ ফাইনালে পৌঁছেছে।

সমর্থন ও বার্তার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জানান রেকর্ড আটবারের ব্যালন দ’র জয়ী।

তিনি লিখেন, ‘শুভেচ্ছা জানানোয় ও বার্তা পাঠানোর জন্য আমার হৃদয়ের গভীর থেকে আপনাদের অনেক ধন্যবাদ। আবারও আমরা একটি দেশ হিসেবে ঐক্যবদ্ধ হতে এবং একসঙ্গে থাকতে পেরেছি, আর্জেন্টাইন হওয়ার সীমাহীন গর্ব ভাগ করে নিয়েছি।’

নতুন বিশ্ব চ্যাম্পিয়নদের অভিনন্দন জানাতেও ভোলেননি বিশ্বকাপে অনেক রেকর্ড-কীর্তির জন্ম দেওয়া মেসি। লিখেন, ‘শিরোপা জয়ের জন্য স্পেনকেও অভিনন্দন জানাতে চাই আমি।’

এবারের বিশ্বকাপে দ্বিতীয় সর্বোচ্চ আট গোল ও চারটি অ্যাসিস্ট করেন ৩৯ বছর বয়সী মেসি। বর্তমানে বিশ্বকাপ ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ ২১টি গোল তার। এছাড়া একমাত্র খেলোয়াড় হিসেবে দুইবার বিশ্বকাপের সেরা ফুটবলারের পুরস্কার গোল্ডেন বলও জিতেছেন তিনি, ২০১৪ ও ২০২২ আসরে।

মেসির নেতৃত্বে ২০২২ সালে বিশ্বকাপ জেতার পাশাপাশি ২০২১ ও ২০২৪ সালে কোপা আমেরিকা এবং একটি ফিনালিস্সিমা ট্রফিও জয় করে আর্জেন্টিনা। এছাড়া গত চারটি বিশ্বকাপের মধ্যে তিনবারই ফাইনালে খেলল দলটি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.