সিলেটটুডে ডেস্ক | ২২ জুলাই, ২০২৬
স্পেনের কাছে ১-০ গোলে বিশ্বকাপের ফাইনাল হারার পর মাঠে সৃষ্ট হাতাহাতির ঘটনায় আর্জেন্টাইন মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেসকে কোনও লাল কার্ড দেওয়া হয়নি বলে নিশ্চিত করেছে ফিফা। ম্যাচের শেষ বাঁশি বাজার পর ফিফার অফিসিয়াল ম্যাচ ট্র্যাকারে পারেদেসকে লাল কার্ড দেখানো হয়েছে বলে দেখা গেলেও কিছুক্ষণ পরই তা মুছে ফেলা হয় এবং তার বিরুদ্ধে কোনও শাস্তিমূলক ব্যবস্থা তালিকাভুক্ত করা হয়নি।
বিশ্বকাপ ফাইনালে খেলা শেষে মাঠে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই দুই দলের খেলোয়াড়, বদলি বেঞ্চের সদস্য এবং কোচিং স্টাফদের মধ্যে ব্যাপক সংঘর্ষ বেঁধে যায়।
একাধিক প্রতিবেদনে বলা হয়েছে, স্পেনের অধিনায়ক রদ্রির উদ্যাপনের সময় আর্জেন্টিনার ডিফেন্ডার নাহুয়েল মোলিনা ঘুষি মারার চেষ্টা করলে পরিস্থিতির সূত্রপাত হয়। এরপর রদ্রি মোলিনার মুখোমুখি হলে গার্সিয়া ও বোরহা ইগলেসিয়াস তাদের অধিনায়কের পাশে দাঁড়ান।
ম্যাচের পর প্রথমদিকে বিভিন্ন মাধ্যমে খবর প্রকাশিত হয় যে, এরিক গার্সিয়ার সঙ্গে সংঘর্ষের ঘটনায় পারেদেসকে রেফারি স্লাভকো ভিনচিচ লাল কার্ড দেখিয়েছেন। তবে পরে বিষয়টি ভুল বলে নিশ্চিত করা হয়।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, ফিফার ধারাভাষ্যকারদের তথ্য ব্যবস্থায় ভুলবশত পারেদেসের নামে লাল কার্ড দেখানো হয়েছিল। পরে সেই তথ্য সংশোধন করা হয় এবং ফিফা নিশ্চিত করে যে, ম্যাচ চলাকালে তার বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়নি।
বর্তমানে ফিফার অফিসিয়াল ম্যাচ রিপোর্টে আর্জেন্টিনার একটি লাল কার্ড দেখানো হয়েছে, সেটি এনজো ফার্নান্দেজ। তিনি দুটি হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ফাইনালের পর ঘটে যাওয়া এই সংঘর্ষের ঘটনায় তদন্ত শুরু করেছে ফিফা। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা একজন শৃঙ্খলা ও নৈতিকতা বিষয়ক প্রসিকিউটর নিয়োগ করেছে, যিনি পুরো ঘটনার তদন্ত করবেন।
ফিফা জানিয়েছে, দুই দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের জড়িয়ে ঘটে যাওয়া ঘটনার তদন্ত চলবে। তবে তদন্ত শেষ হতে কত সময় লাগবে, সে বিষয়ে কোনো সময়সীমা জানানো হয়নি।