Sylhet Today 24 PRINT

সিলেট জেলা ক্রীড়া সংস্থায় ফের এডহক কমিটি, এবার সদস্য সচিব নাচন

নিজস্ব প্রতিবেদক |  ০৮ সেপ্টেম্বর, ২০২৬

সিলেট জেলা ক্রীড়া সংস্থায় ফের এডহক কমিটি দেওয়া হয়েছে। সোমবার (০৭ সেপ্টেম্বর) এই কমিটি অনুমোদন করে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)।

জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যানের অনুমোদনের পর এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

এরআগে গত বছরের আগে ৯ এপ্রিল সিলেট জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি অনুমোদন দেওয়া হয়েছিল। তবে একবছরের বেশি সময়েও পূর্ণাঙ্গ কমিটি করতে পারেনি আগের এডহক কমিটি। সোমবার পুরনো কমিটিকে বিলুপ্ত করে আবারও নতুন করে এডহক কমিটি দেওয়া হয়।

জাতীয় ক্রীড়া পরিষদের ক্রীড়া শাখা থেকে জারি করা চিঠিতে বলা হয়েছে, জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারার ক্ষমতাবলে স্থানীয় ক্রীড়া সংস্থার গঠনতন্ত্র অনুসরণ করে সিলেট জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

সিলেটের জেলা প্রশাসককে সভাপতি করে অনুমোদিত কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন পুলিশ সুপার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক, জেলা ক্রীড়া অফিসার, স্থানীয় ক্রীড়াবিদ মকসুদ আহমদ এবং স্থানীয় ক্রীড়া সংগঠক ও ক্রীড়াবিদ রেজাউল করিম নাচন। কমিটিতে রেজাউল করিম নাচনকে সদস্য-সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।

এদের মধ্যে মকসুদ সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও রেজাউল করিম নাচন সিলেট মহানগর বিএনপির সাবেক ক্রীড়া সম্পাদক।

এডহক কমিটিকে স্থানীয় ক্রীড়া সংস্থার গঠনতন্ত্র অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন আয়োজনের ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক মো. দৌলতুজ্জামান খাঁন, এনডিসির স্বাক্ষরে ৭ সেপ্টেম্বর এ সংক্রান্ত অনুমোদনপত্র জারি করা হয়।

এরআগে আগে ৯ এপ্রিল অণুমোদিত সিলেট জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটিতে পদাধিকার বলে আহ্বায়ক হয়েছেন সিলেটের জেলা প্রশাসক শের মাহবুব মোহাম্মদ মুরাদ। সদস্য হয়েছেন-ক্রীড়ানুরাগী এমরান আহমদ চৌধুরী, সাবেক ক্রিকেটার রাজিন সালেহ, অলক কাপালী, ফুটবল কোচ সাহাজ উদ্দীন টিপু, সাবেক ফুটবলার নাজিম উদ্দিন সাহান, ছাত্র প্রতিনিধি ওয়াহিদ উমায়ের, ক্রীড়া সাংবাদিক ইয়াহইয়া ফজল। পদাধিকার বলে সদস্য সচিব হন জেলা ক্রীড়া অফিসার।

পরে এই কমিটিতে সদস্য হিসেবে যুক্ত হন সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ ও আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ সিলেট মহানগর এর সদস্য সচিব একরাম আহমদ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.