Sylhet Today 24 PRINT

৯ গোলে হারের পর নাইটক্লাবে দুই ফুটবলারের ভিডিও ভাইরাল

সিলেটটুডে ডেস্ক |  ০২ অক্টোবর, ২০২৬

ফিফা আসিয়ান কাপের প্রথম আসরে মাঠের পারফরম্যান্সে হতাশ করেছে বাংলাদেশ ফুটবল দল। টুর্নামেন্টে একটি ম্যাচেও জয়ের দেখা পায়নি লাল-সবুজের প্রতিনিধিরা। বৃহস্পতিবার (১ অক্টোবর) নিজেদের শেষ ম্যাচে স্বাগতিক ইন্দোনেশিয়ার কাছে ৯-২ গোলের বড় ব্যবধানে হেরেছে থমাস ডুলির শিষ্যরা।

বাংলাদেশ দলের এমন বাজেভাবে হারের পর দুই সিনিয়র ফুটবলার সাদ উদ্দিন ও জুনিয়র সোহেল রানার নাইটক্লাবের ভিডিও ও ছবি ভাইরাল হয়েছে।

ইন্দোনেশিয়ার এক নারী আলানার এক্স অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট করা হয়। সেখানে দেখা যায়, সাদ ও সোহেল রানার সঙ্গে আছেন তিন জন নারী। এরপর একটি ভিডিওতে গানের তালে তালে নাচতেও দেখা যায় সাদকে।

দলের এমন বাজেভাবে হারের ঠিক পরই এমন ভিডিও ও ছবি ভাইরাল হওয়ায় নেটিজেন ও ভক্তরা বিষয়টি ভালোভাবে নেননি। সামাজিক যোগাযোগমাধ্যমে যা নিয়ে সমালোচনা করছেন তারা। তবে সাদ ও সোহেল দিয়েছেন ভিন্ন তথ্য দিয়েছেন। তাদের ভাষ্য, ‘মোহামেডানে সাইন করার পর আমরা ফ্রি ছিলাম। জাতীয় দলের ক্যাম্প শুরু হওয়ার আগে নেপালে ঘুরতে গিয়েছিলাম। তখন একটি (লোডা) ক্লাবে তার সঙ্গে দেখা ও পরিচয় হয়েছিল। এটি জাকার্তা বা ইন্দোনেশিয়ায় নয়।’

যদিও ইন্দোনেশিয়ার নারী আলানা এক্স হ্যান্ডলে পোস্ট করে জানিয়েছিলেন, ‘বাংলাদেশে ফুটবলারদের সাথে সাক্ষাৎ হয়েছে তাদের ক্লাবে। বাংলাদেশ ইন্দোনেশিয়া ম্যাচ দেখার জন্য আমন্ত্রণ জানিয়েছিল তারা। এটা খুবই মজার হতো যদি খেলা দেখতাম এবং নিজের জাতীয় দলের বদলে বাংলাদেশের পক্ষে গলা ফাটাতাম।’

এ দিকে বিষয়টি নিয়ে বাংলাদেশ দলের ম্যানেজার আমিরুল ইসলাম বাবু জানিয়েছেন ইন্দোনেশিয়ার বিপক্ষে ম্যাচের পর রাতের খাবার শেষে খেলোয়াড়দের নিজ নিজ কক্ষে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। তিনি বলেন, ‘রাতের খাবারের পর খেলোয়াড়েরা ঘুমাতে গেছে। আমরা তো সারা রাত তাদের দরজার বাইরে দাঁড়িয়ে থাকতে পারি না।’

তবে নির্দেশ অমান্য করে বাইরে গিয়েছিলেন কি না, সে সম্ভাবনাও উড়িয়ে দেননি বাবু। তিনি বলেন, ‘যদি তারা এমনটা করে থাকে, আমাদের ডিসিপ্লিনারি কমিটি আছে। আমাদের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হবে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.