Sylhet Today 24 PRINT

মৌসুমের প্রথম এল-ক্লাসিকো আজ

সিলেটটুডে ডেস্ক |  ২৫ অক্টোবর, ২০২৬

প্রতীকী ছবি

লা লিগায় বার্সেলোনার প্রায় অজেয় এক দলে পরিণত। নয় ম্যাচে নয় জয় দিয়ে রয়েছে তারা লিগে টেবিলের শীর্ষে। হ্যান্সি ফ্লিকের অধীনে দুর্দান্ত খেলতে থাকা বার্সা প্রায় প্রতি ম্যাচেই প্রতিপক্ষকে উড়িয়ে দিচ্ছে। বিপরীতে রিয়াল মাদ্রিদের অবস্থা লিগ টেবিলের তিনে। বার্সার যেখানে ২৭ পয়েন্ট, সেখানে রিয়ালের পয়েন্ট ২১।

এদিকে, রিয়াল মাদ্রিদ মাঠে নামছে ডাগআউটে হোসে মরিনহোকে সঙ্গী করে। ১৩ বছর পর এল ক্লাসিকোর মঞ্চে ফিরছেন মরিনহো। একসময় বার্সেলোনার জন্য বড় মাথাব্যথার কারণ হয়ে ওঠা পর্তুগিজ কোচের সামনে এবার কঠিন পরীক্ষা। রিয়াল মাদ্রিদকে শুধু জেতালেই হবে না, থামাতে হবে হান্সি ফ্লিকের অপ্রতিরোধ্য দলটিকেও। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে তাই এবার মাঠের ফুটবলের পাশাপাশি থাকছে রেকর্ড গড়ার ও ভাঙার নানা সমীকরণ।

আজ রাতে ক্যাম্প ন্যুতে মৌসুমের প্রথম এল ক্লাসিকোয় মুখোমুখি হচ্ছে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। বাংলাদেশ সময় সোমবার রাত ২টায় শুরু হবে ম্যাচটি।

গত সপ্তাহে চ্যাম্পিয়নস লিগে পিএসজির কাছে ৪-২ গোলে হারই চলতি মৌসুমে বার্সেলোনার একমাত্র পরাজয়। তবে লিগে তাদের জয়রথ ছুটছেই। অন্যদিকে মরিনহোর রিয়ালের লক্ষ্য সেই জয়রথ থামিয়ে শিরোপার লড়াইয়ে নিজেদের অবস্থান শক্ত করা। ২০২৬ ব্যালন ডি’অর অনুষ্ঠানের আগের দিনের এই মহারণে আলাদা নজর থাকবে দুই পুরস্কারপ্রত্যাশী কিলিয়ান এমবাপে ও লামিন ইয়ামালের দিকেও।

এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে ২৬৪টি আনুষ্ঠানিক এল ক্লাসিকোয় সমানে সমান দুই দল। রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা উভয়ের জয় ১০৬টি করে, বাকি ৫২ ম্যাচ ড্র। আজ যে দল জিতবে, এল ক্লাসিকোর ইতিহাসে জয়ের সংখ্যায় এককভাবে এগিয়ে যাবে তারাই।

চলতি লা লিগায় নয় ম্যাচে আট গোল করেছেন বার্সেলোনার তরুণ তারকা লামিন ইয়ামাল। একবিংশ শতাব্দীতে লিগের প্রথম নয় ম্যাচে অনূর্ধ্ব-২০ বছর বয়সী কোনো ফুটবলার এত গোল করতে পারেননি।

কিলিয়ান এমবাপে বার্সেলোনার বিপক্ষে সব প্রতিযোগিতা মিলিয়ে ১০ ম্যাচে করেছেন ১২ গোল। এর মধ্যে পিএসজির হয়ে তিন ম্যাচে চারটি এবং রিয়ালের হয়ে সাত ম্যাচে আটটি। একবিংশ শতাব্দীতে বার্সেলোনার বিপক্ষে তার চেয়ে বেশি গোল করেছেন কেবল ক্রিশ্চিয়ানো রোনালদো (২০) ও করিম বেনজেমা (১৬)।

গত ৩১ আগস্ট থেকে ইউরোপের শীর্ষ পাঁচ লিগের ফুটবলারদের মধ্যে সবচেয়ে বেশি গোলে সরাসরি অবদান রেখেছেন ইয়ামাল। এই সময়ে গোল ও অ্যাসিস্ট মিলিয়ে তাঁর অবদান ১৪টি গোলে। ১১টি গোলে অবদান রেখে দ্বিতীয় স্থানে তারই বার্সেলোনা সতীর্থ রাফিনিয়া।

লা লিগার ইতিহাসে মৌসুমের প্রথম নয় ম্যাচ জেতা দ্বিতীয় দল বার্সেলোনা। এর আগে ১৯৬৮-৬৯ মৌসুমে এমন কীর্তি গড়েছিল রিয়াল মাদ্রিদ। আজ জিতলে প্রতিযোগিতার ইতিহাসে প্রথম দল হিসেবে মৌসুমের শুরুর ১০ ম্যাচেই জয়ের রেকর্ড গড়বে বার্সেলোনা।

লা লিগার প্রথম নয় ম্যাচেই ৩৯ গোল করেছে বার্সেলোনা। স্প্যানিশ লিগের ইতিহাসে প্রথম নয় ম্যাচে এর চেয়ে বেশি গোল করার নজির আছে কেবল সেভিয়ার। ১৯৪০-৪১ মৌসুমে প্রথম নয় ম্যাচে ৪২ গোল করেছিল দলটি।

ঘরের মাঠে রিয়ালের বিপক্ষে লা লিগার সর্বশেষ দুই ম্যাচেই জিতেছে বার্সেলোনা। এবার জিতলে টানা তিনটি হোম ক্লাসিকো জয়ের স্বাদ পাবে তারা। একবিংশ শতাব্দীতে এর আগে কেবল পেপ গার্দিওলার অধীনে ২০০৮ থেকে ২০১০ সালের মধ্যে ঘরের মাঠে রিয়ালের বিপক্ষে টানা তিন লিগ ম্যাচ জিতেছিল বার্সেলোনা।

বার্সেলোনার মাঠে লা লিগার সর্বশেষ ছয় ম্যাচের তিনটিতেই জিতেছে রিয়াল মাদ্রিদ। অথচ এর আগের ১৬ সফরে তাদের জয় ছিল মাত্র তিনটি। ওই ১৬ ম্যাচে ছয়টি ড্র ও সাতটি হার ছিল মাদ্রিদের ক্লাবটির।

দীর্ঘ ১৩ বছর পর এল ক্লাসিকোয় কোচের দায়িত্ব পালন করতে যাচ্ছেন হোসে মরিনহো। রিয়ালে নিজের প্রথম মেয়াদের শেষ পাঁচ ক্লাসিকোয় অপরাজিত ছিলেন এই পর্তুগিজ কোচ। সেই পাঁচ ম্যাচে তিনটি জয় ও দুটি ড্র পেয়েছিল তার দল।

আজ বার্সেলোনার বিপক্ষে না হারলে রিয়াল মাদ্রিদের ইতিহাসে তৃতীয় কোচ হিসেবে টানা ছয় এল ক্লাসিকোয় অপরাজিত থাকার কীর্তি গড়বেন মরিনহো। এর আগে মিগেল মুনিওস টানা সাত ম্যাচে সাতটি জয় এবং ভিসেন্তে দেল বস্কে টানা সাত ম্যাচে দুটি জয় ও পাঁচটি ড্র নিয়ে এই কীর্তি গড়েছিলেন।

রিয়াল-বার্সার এই দ্বৈরথ নিয়ে আলোচনার শেষ নেই। অনেকেই নানা ভবিষ্যদ্বাণী করছেন। এর মাঝেই সাবেক রিয়াল মাদ্রিদ ও লিভারপুল তারকা এবং প্রখ্যাত ফুটবল বিশ্লেষক স্টিভ ম্যাকম্যানাম্যান প্রকাশ করলেন নিজের ভবিষ্যদ্বাণী। তার মতে, ন্যু ক্যাম্পে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে ৩-১ গোলে হারিয়ে জয় নিয়ে মাঠ ছাড়বে রিয়াল মাদ্রিদ।

‘৩৬৫স্কোরস’- প্ল্যাটফর্মে এক বিশেষ সাক্ষাৎকারে স্প্যানিশ ফুটবলের এই মহারণ নিয়ে কথা বলেন ৫৪ বছর বয়সী ম্যাকম্যানাম্যান। ম্যাচটি অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে উল্লেখ করে তিনি বলেন, ‘আমি আশা করি রিয়াল মাদ্রিদ ৩-১ গোলে জিতবে, দেখা যাক কী হয়। এই ম্যাচ সবসময় ভবিষ্যদ্বাণীকে ভুল প্রমাণ করে। খুব কঠিন ম্যাচ হতে যাচ্ছে এটা। কারণ দুটো দলেরই বড় ম্যাচ নিষ্পত্তি করার ক্ষমতা আছে।’

১৯৯৯ থেকে ২০০৩ সাল পর্যন্ত রিয়ালের হয়ে খেলে দুটি লা লিগা ও দুটি চ্যাম্পিয়নস লিগ জিতেছেন ম্যাকম্যানাম্যান। ম্যাচের কৌশলগত দিক নিয়ে আলোচনা করতে গিয়ে রিয়ালের একাদশে ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়রের অনুপস্থিতিকে বড় এক ধাক্কা হিসেবে দেখছেন এই সাবেক ইংলিশ উইঙ্গার। তার মতে, ভিনিসিয়াসের গতি ও ‘ওয়ান-অন-ওয়ান’ ডুয়েল করার সামর্থ্য ম্যাচ ঘুরিয়ে দিতে পারে।

ব্রাজিলিয়ান তারকার অনুপস্থিতিতে কিলিয়ান এমবাপের ভূমিকা নিয়ে তিনি বলেন, ‘এমবাপের অবশ্যই দারুণ সব গুণাবলি রয়েছে, তবে তারা সম্পূর্ণ ভিন্ন ধরনের খেলোয়াড়। ভিনিসিয়ুস যা কিছু দলের জন্য নিয়ে আসেন, কেবল অন্য কাউকে তার জায়গায় বসিয়েই সেই শূন্যতা পূরণ করা সম্ভব নয়।’ অবশ্য মাঠের লড়াইয়ে ছোট ছোট সুযোগ কাজে লাগানো এবং চাপের মুখে টিকে থাকাই শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য নির্ধারণ করবে বলে মনে করেন রিয়ালের এই সাবেক লিজেন্ড।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.