Sylhet Today 24 PRINT

ওয়েন থেকে হ্যারি কেইন: ব্যালন ডি’অর জিততে ইংলিশদের ২৫ বছরের অপেক্ষা

স্পোর্টস ডেস্ক |  ২৭ অক্টোবর, ২০২৬

ছবি: সংগৃহীত

ইংল্যান্ডের হয়ে সর্বশেষ ২০০১ সালে ব্যালন ডি’অর জিতেছিলেন মাইকেল ওয়েন। ২৫ বছর পর ইংলিশদের অপেক্ষা ঘোচালেন হ্যারি কেইন। ক্যারিয়ারে প্রথমবারের মতো জিতলেন ব্যালন ডি’অর ট্রফি।

ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো নাজারিও মঞ্চে গিয়ে বর্ষসেরার ট্রফি তুলে দেন কেইনকে।

স্ট্যানলি ম্যাথুস, ববি চার্লটন, কেভিন কিগান এবং ওয়েনের পর পঞ্চম ইংলিশ ফুটবলার হিসেবে ব্যালন ডি’অর জিতলেন ৩৩ বছর বয়সী এ স্ট্রাইকার। ১৯৮১ সালে কার্ল হেইঞ্জ রুমেনিগের পর বায়ার্নের প্রথম খেলোয়াড় হিসেবেও বর্ষসেরার ট্রফিটি জিতলেন কেইন।

গত মৌসুমে ক্লাব ও জাতীয় দলের হয়ে ৬৫ ম্যাচে ৭৩ গোল করেন কেইন। এর মধ্যে বায়ার্নের হয়ে ৫১ ম্যাচে করেন ৬১ গোল। এক মৌসুমে বায়ার্নের আর কোনো খেলোয়াড় এত গোল করতে পারেননি। ইংল্যান্ডকে বিশ্বকাপে ও বায়ার্নকে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালেও তোলেন কেইন।

ইংল্যান্ডের প্রথম হিসেবে ১৯৫৬ সালে মর্যাদাপূর্ণ এই ট্রফি জিতেছিলেন ব্ল্যাকপুলের ফুটবলার স্যার স্ট্যানলি ম্যাথুস। ১৯৬৬ সালে জিতেছিলেন লিভারপুলের স্যার ববি চার্লটন। ১৯৭৮ ও ১৯৭৯ সালে জিতেছিলেন হামবুর্গের কেভিন কিগান, এবং সবশেষ ২০০১ সালে জিতেছিলেন লিভারপুলের মাইকেল ওয়েন।

লড়াইটা তার ছিল কিলিয়ান এমবাপে ও লামিনের সঙ্গে। শেষ পর্যন্ত ভোটের লড়াইয়ে তাঁদের হারিয়ে লন্ডনে ঘরের মাটিতে ট্রফটি জিততে পারা কেইনের জন্য সত্যিই বিশেষ এক ব্যাপার।

মঞ্চে দাঁড়িয়ে ইংল্যান্ড তারকা বললেন সে কথাই, ‘আমি প্রায় ভাষাহীন। লন্ডনে এটা হওয়ায় আরও বিশেষ হয়ে উঠল। আমাকে যারা ভোট দিয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ। জানি এ বছরটা অনেক কঠিন ছিল। এই কক্ষে বিশ্বমানের সব খেলোয়াড়। তাদের এবং বিজয়ী ও মনোনয়ন পাওয়া সবাইকে অভিনন্দন।’

কেবলই বর্ষসেরার ট্রফিই জিতেননি হ্যারি কেইন; জিতেছেন স্ট্রাইকারের ট্রফিও।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.