Sylhet Today 24 PRINT

জাতীয় দল থেকে অবসরে যাচ্ছেন মুশফিক, জানালেন তামিম

সিলেটটুডে ডেস্ক |  ২৮ নভেম্বর, ২০২৬

ওয়ানডে, টি-টোয়েন্টিকে আগেই বিদায় বলেছেন মুশফিকুর রহিম। বাকি ছিল শুধু টেস্ট। এবার ক্রিকেটের রাজকীয় সংস্করণ থেকেও অবসরের ঘোষণা দিয়েছেন। শনিবার বোর্ড সভা শেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল নিশ্চিত করেছেন।

আগামী বছরের ফেব্রুয়ারিতে ঘরের মাঠে অনুষ্ঠিত ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজই মুশফিকের বাংলাদেশের জার্সিতে শেষ বলে জানিয়েছেন তামিম।

বিসিবি সভাপতি আজ বোর্ড সভা শেষে সংবাদ সম্মেলনে বলেন, ‘ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের পর মুশফিকুর রহিম অবসর নিতে যাচ্ছে। মুশফিক বেশ কয়েকদিন আগে আমাকে ফোন করে তার এই সিদ্ধান্তের ব্যাপারে আমাকে জানায়। তারপরে আমি তার সঙ্গে নিয়মিত যোগাযোগ করেছিলাম।’

বাংলাদেশের প্রথম ও একমাত্র ক্রিকেটার হিসেবে ১০০ টেস্ট খেলেছেন মুশফিক। টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ রানসংগ্রাহকও তিনি। ১০৮ টেস্ট খেলে করেন ৭০৬২ রান। বাংলাদেশের ব্যাটারদের মধ্যে আর কেউ সাত হাজার রান করতে পারেননি। সাবেক সতীর্থ যেন সংবাদ সম্মেলন করে অবসরের ঘোষণা দেন, তামিমের চাওয়া ছিল সেটাই। বিসিবি সভাপতি বলেন, ‘আমি তাকে বলেছিলাম, এক সংবাদ সম্মেলন করে নিজেই এটি ঘোষণা করতে। আমি তাকে ফেসবুকে স্ট্যাটাস না দিতে অনুরোধ করেছিলাম। কারণ, সে বাংলাদেশ ক্রিকেটের অসামান্য সেবক এবং আমি চেয়েছিলাম বিষয়টি যথাযথভাবে হোক।’

শুধু সাবেক সতীর্থই নন, তামিমের অন্যতম ঘনিষ্ঠ বন্ধুও মুশফিক। বিসিবি সভাপতি হিসেবে তামিম তাঁর বন্ধুর জন্য বিদায়ী সংবর্ধনার আয়োজনের পরিকল্পনা রয়েছে।

সংবাদ সম্মেলন শেষে তামিম বলেন, ‘বিসিবি অবশ্যই মুশফিকের জন্য বড় এক উদযাপনের আয়োজন করবে। এ ছাড়া সময়ের সঙ্গে আরও কিছু বিষয় থাকবে। আপনারা এটা দেখতে পারবেন। জানতে পারবেন। মানে আমার খারাপ লাগছে। দুঃখ লাগছে যে তার মতো এমন মানের ক্রিকেটার সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। তবে বিসিবির দৃষ্টিকোণ থেকে এবং আমার দৃষ্টিকোণ থেকে আসুন এই টেস্ট ম্যাচকে বিশেষ এক আয়োজনে পরিণত করি।’

আগামী বছরের ১৪ ফেব্রুয়ারি মিরপুরে প্রথম টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ-ইংল্যান্ড। ভালোবাসা দিবসের দিন শুরু হতে যাওয়া ম্যাচটিকে নিশ্চয়ই রাঙাতে চাইবেন। পরবর্তী টেস্ট হবে সিলেটে ২২ ফেব্রুয়ারি। দুই ম্যাচের টেস্ট সিরিজ আইসিসি ২০২৫-২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.