Sylhet Today 24 PRINT

ব্যাটিং এ টাইগাররা

সিলেটটুডে স্পোর্টস ডেস্ক |  ২৬ ফেব্রুয়ারী, ২০১৬

টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আমিরাতের দলপতি আমজাদ জাভেদ। তাই এ ম্যাচ জয়ের লক্ষ্যে প্রথমে ব্যাটিং করবে টাইগাররা।

মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে নবাগত সংযুক্ত আরব আমিরাতের মোকাবেলা করবে স্বাগতিক বাংলাদেশ।

সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হবে এশিয়া কাপের তৃতীয় এই ম্যাচটি।

চলতি আসরে দুই দলই প্রথম ম্যাচে পরাজয়ের স্বাদ নিয়েছে। নিজেদের প্রথম ম্যাচে এক নম্বরে থাকা ভারতের বিপক্ষে ৪৫ রানে হারে বাংলাদেশ। অপরদিকে, বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কাকে কাঁপিয়ে দিয়েও মাত্র ১৪ রানের পরাজয় বরণ করে আমিরাত। ফলে, দুই দলই নিজেদের প্রথম জয়ের সুবাস পেতে চায়।

বাছাইপর্বের চমক জাগানিয়া দল হিসেবে মূলপর্বে জায়গা করে নেয় আমিরাত। টানা তিন ম্যাচ জেতা দলটি লঙ্কানদের বিপক্ষে জিততে না পারলেও চাইবে স্বাগতিকদের হারিয়ে আরেকবার নিজেদের সেরাটা প্রমাণ করার। অপরদিকে আমিরাতকে হারাতে না পারলে ফাইনালের দৌড়ে টিকে থাকা বড্ড কঠিন হয়ে যাবে টাইগারদের জন্য।

এর আগে একবারই আমিরাতের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। ২০০৮ সালের জুনে লাহোরে অনুষ্ঠিত এশিয়া কাপের ম্যাচটিতে মোহাম্মদ আশরাফুলের সেঞ্চুরির সুবাদে ৯৬ রানের দাপুটে জয় পেয়েছিল টাইগাররা। ৩০১ রানের বিশাল লক্ষ্যে খেলতে নেমে ২০৪ রানেই গুটিয়ে গিয়েছিল আমিরাত। তবে এবার টি-২০ ফরমেটে এশিয়া কাপ হওয়ায় আমিরাতের বিপক্ষে প্রথমবারের মতো টি-টোয়েন্টি ম্যাচ খেলতে যাচ্ছে বাংলাদেশ।

বাংলাদেশ স্কোয়াড: সৌম্য সরকার,  মোহাম্মদ মিঠুন, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, নুরুল হাসান সোহান, নাসির হোসেন, মাশরাফি বিন মর্তুজা, তাসকিন আহমেদ, আল-আমিন হোসেন, মুস্তাফিজুর রহমান, আবু হায়দার রনি, আরাফাত সানি, ইমরুল কায়েস।

আরব আমিরাত স্কোয়াড: আমজাদ জাভেদ, ফাহাদ তারিক, ফারহাদ আহমেদ, মুহাম্মদ কলিম, রোহান মুস্তাফা, শাইমান আনোয়ার, মোহাম্মদ শাহজাদ, মুহাম্মদ উসমান, কাদির আহমেদ, সাকলাইন হায়দার, স্বপ্নীল পাতিল, আহমেদ রাজা, মোহাম্মদ নাভীদ, উসমান মুস্তাক, জহির মাকসুদ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.