Sylhet Today 24 PRINT

আমিরাতের বিপক্ষে ১৩৩ রানের পুঁজি বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক |  ২৬ ফেব্রুয়ারী, ২০১৬

বিশ্বক্রিকেটে বড় কোন শক্তি নয় সংযুক্ত আরব আমিরাত। এ দলের বিপক্ষে এশিয়া কাপে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচে ১৩৩ রান করেছে বাংলাদেশ।

শ্রীলঙ্কাকে ১২৯ রানে আটকে দিয়েছিল সংযুক্ত আরব আমিরাত। এশিয়া কাপে টানা দ্বিতীয় ম্যাচে সাফল্য পেলো তাদের বোলাররা। এবার তো স্বাগতিক বাংলাদেশকেও কাঁপিয়ে দিলো তারা!

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করে ৮ উইকেটে ১৩৩ রান করেছে টাইগাররা। ব্যাটিং ব্যর্থতা এদিনও পিছু ছাড়েনি।

শুরুতে মোহাম্মদ মিথুন ৪৭ রান করেছেন। শেষ দিকে মাহমুদুল্লা ৩৬ রানের হার না মানা ইনিংস খেলে দরের সংগ্রহকে কিছুটা জাতে তুলেছেন। শু

মোহাম্মদ মিথুন নিজেকে কিছুটা চেনাতে পেরেছেন। সৌম্য সরকার নিজেকে ফিরে পাবার ইঙ্গিত দিয়েছেন। তবে আমিরাতের অধিনায়ক আমজাদ জাভেদের ওভারে দুজনই জীবন পেয়েছেন ফিল্ডারদের কল্যাণে। ক্যাচ দিয়েছিলেন দুজনই। ওই ধাক্কা সামলে মিথুন আমজাদকে ফ্রি হিটে ছক্কা মেরেছেন। পরের বলে চার। সৌম্য ট্রেডমার্ক এক ছক্কায় আশা জাগালেন। কিন্তু দলের ৪৬ রানের সময় বিদায় নিলেন ব্যক্তিগত ২১ রানে। ১৪ বল খেলেছেন। মোহাম্মদ শাহজাদের বলে মিড অফে সহজ ক্যাচই দিয়েছেন সৌম্য।

পাওয়ার প্লের ৬ ওভারে ১ উইকেটে ৪৮। মন্দ না। মিথুন এরপর শাহজাদকে একটি ছক্কা ও চার মারলেন পরপর দুই বলে। সাব্বির রহমান মানিয়ে নিতে পারছিলেন। প্রথম বড় শট খেলতেই বাউন্ডারি লাইনে ধরা পড়লেন। অর্জনের খাতায় ৬ রান। ততক্ষণে বাঁ হাতি স্পিনার আহমেদ রেজা ও অফ স্পিনার রোহান মুস্তাফা এসেছেন। বাংলাদেশের রানের গতি কমছে। উইকেটও পড়া শুরু হলো।

 ৯ ওভারে ১ উইকেটে ৭০ রান ছিল বাংলাদেশের। ওখান থেকে ১৬০-১৭০ আশা করা যায়। কিন্তু এরপর ১১ রানে ৩ উইকেট হারালো টাইগাররা। পড়লো চাপে। ৫ ওভারে এলো মোটে ১৫ রান। মিথুন বলটা স্টাম্পের কাছে রেখে বেরিয়ে পড়ে অযথা রান আউট হলেন। তার আগে ৪১ বলে ৪৭ রান করেছেন। ২টি ছক্কা ৪টি বাউন্ডারি মেরেছেন। বাংলাদেশের ইনিংসের সর্বোচ্চ স্কোর মিথুন।

এর চার বল পরই মুশফিকুর রহিম (৪) উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন। ৮৩ রানে ৪ উইকেট। চাপে টাইগাররা। সাকিব আল হাসান ও মাহমুদুল্লাও সেই চাপ থেকে দলকে বের করতে পারলেন না। এরপর তো স্বাগতিক ব্যাটসম্যানরা নিজেদেরই বিপদ বাড়ালো।

১৭ ওভারে ৪ উইকেটে ১১১ রান। আঘাত আমিরাতের অধিনায়ক আমজাদ জাভেদের। পরপর দুই বলে সাকিব (১৩) ও নুরুল হাসানকে (০) তুলে নিয়ে হ্যাটট্রিকের সুযোগ তৈরি করলেন আমজাদ। সাকিব ফুল টসে বোল্ড!

ইমরুল কায়েস বাদ বলে সুযোগ পেয়েছিলেন নুরুল। কিন্তু মাঠে নেমে প্রথম বলেই তুলে মারতে গিয়ে ক্যাচ দিলেন।

অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা টানা দুই ম্যাচে শূন্য রানে আউট। এবার ৭ বলে ৩ রানে ৩ উইকেট হারালো বাংলাদেশ।

শেষ ওভারে ১৭ রান এলো। তা মাহমুদুল্লার কল্যাণে। এই ওভারে একটি ছক্কা ও চার মেরেছেন। তার অপরাজিত ৩৬ রানের ইনিংসটি ২৭ বলের।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.