Sylhet Today 24 PRINT

২০১২ সালের সেই হারের কষ্ট এবার ভুলব: মাহমুদুল্লাহ

স্পোর্টস ডেস্ক |  ০৩ মার্চ, ২০১৬

২০১২ সালের এশিয়া কাপের ফাইনালে এই পাকিস্তানের কাছে ২ রানে হেরে কান্নায় বুক ভাসিয়ে মাঠ ছেড়েছিলেন মুশফিক-সাকিবরা। সেই ম্যাচে শেষ পর্যন্ত ১৭ রানে অপরাজিত থেকে দলকে জেতাতে না পারার পাহাড়সম কষ্ট নিয়ে মাঠ ছেড়েছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। দীর্ঘ চার বছর পর তার শটেই সেই পাকিস্তানকে বাউন্ডারির বাইরে ছুঁড়ে ফেলে দিয়ে সকল কষ্ট ভুলার কথা জানালেন বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে ঠাণ্ডা মস্তিষ্কের ক্রিকেটার রিয়াদ।

স্টার স্পোর্টসকে দেওয়া তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় মাহমুদউল্লাহ কণ্ঠে ছিল চার বছর আগে যন্ত্রণার ক্ষতে প্রলেপ দেওয়ার স্বস্তি।

“২০১২ এশিয়া কাপ ফাইনাল আমার মাথায় খেলা করছিল। সেবার পারিনি, এবারও নানা ভাবনা খেলা করছিল মাথায়। শেষ পর্যন্ত আমরা পেরেছি। সেব হারকে ভুলিয়ে দিতে সাহায্য করবে এবারের জয়।”

প্রচণ্ড চাপের মাঝেও অস্থিরতাকে প্রশ্রয় দেননি মাহমুদউল্লাহ। জানালেন, ঠাণ্ডা মাথায় ম্যাচটি টেনে নিতে চাইছিলেন শেষ পর্যন্ত।

“চাপ তো সবসময়ই ছিল। কিন্তু কখন মাথা ঠাণ্ডা করে খেলতে হবে আর কখন বড় শট খেলতে হবে, সেটা বুঝতে হবে। আমি চাইছিলাম খেলাটা শেষ পর্যন্ত টেনে নিতে। কারণ জানতাম ১৮তম ও ১৯তম ওভার করবে আমির ও সামি। দৃষ্টি ছিল শেষ ওভারে। তবে আগের ওভারেই জয়টা প্রায় নিশ্চিত করেছি আমরা।”

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.