Sylhet Today 24 PRINT

বাংলাদেশময় ফেসবুক প্রোফাইল

নিজস্ব প্রতিবেদক |  ০৬ মার্চ, ২০১৬

মিরপুরের দর্শক গ্যালারির ধারণ ক্ষমতা যাই হোক না কেন ফেসবুকে বাংলাদেশ সমর্থকের সংখ্যা মিলিয়ন-মিলিয়ন। সবাই যেতে পারছে না স্টেডিয়ামে, কিন্তু দর্শক উন্মাদনা কি আর থেমে থাকার বিষয়! সেটা ত আছেই; অনলাইন-অফলাইন সবখানেই।

এশিয়া কাপের ফাইনালে ক্রিকেটাররা মাঠে নামার আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে জুড়ে কেবলই বাংলাদেশ।

নীল রঙা ফেসবুকে বাংলাদেশের অধিকাংশ ব্যবহারকারীই সেজেছেন লাল-সবুজের মায়াময় বাংলাদেশে; সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মনোগ্রাম। 

ঢাকার মিরপুরে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও ভারতের মধ্যে এশিয়া কাপের ফাইনাল খেলা হতে যাচ্ছে রবিবার (৬ মার্চ) সন্ধ্যায়।

শনিবার রাত পৌনে ১০টার দিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অফিসিয়াল ফেসবুক পেজ বাংলাদেশ ক্রিকেট : দ্য টাইগারস থেকে ক্রিকেট দলের সমর্থনে প্রোফাইল পিকচারে গেম ফেস ব্যানার‌ ব্যবহারের আহ্বান জানায় বিসিবি।
 
ঘণ্টা ব্যবধানে নিজ দেশের ক্রিকেট দলের সমর্থনে বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা লক্ষ বাংলাদেশি ফেসবুক ব্যবহারকারী বিসিবির মনোগ্রাম সংবলিত এই গেম ফেস ব্যানার দিয়ে প্রোফাইল পিকচার রাঙানো শুরু করেন।

ব্যানারটি ব্যবহার করার জন্য কোনো ফেসবুক ব্যবহারকারী বিসিবির নির্ধারিত পোস্টের লিংকে ক্লিক করলে তার সর্বশেষ যে প্রোফাইল পিকচারটি রয়েছে সেটির নিচের অংশে বিসিবির মনোগ্রাম এবং একপাশে বাংলায় বাংলাদেশ লেখা দেখাবে।

ব্যানারটি ব্যবহারকারীর ইচ্ছানুযায়ী এক ঘণ্টা থেকে সাত দিন অথবা পরবর্তী প্রোফাইল পিকচার না বদলানো পর্যন্ত যাতে ব্যবহার করতে পারেন সে ব্যবস্থা রাখা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.