স্পোর্টস ডেস্ক | ০৬ মার্চ, ২০১৬
এশিয়া কাপের চ্যাম্পিয়ন হতে পারলে প্রত্ম বারের মত মহাদেশীয় কোন টি-টোয়েন্টির শিরোপা উঠবে বাংলাদেশের ঘরে। এবার প্রথম বারের মত এশিয়া কাপ হচ্ছে টি-টোয়েন্টি ফরমেটে।
ফাইনালে খেলতে নামার সাথে সাথে মুশফিকুর রহিম খেলবেন তার জীবনের ৫০তম টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ। আর এদিকে বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের সামনে টি-টোয়েন্টিতে ডাবল অর্জনের সুযোগ।
ভারতের বিপক্ষে আজ এশিয়া কাপের ফাইনালে ৪৭ রান করতে পারলেই ইতিহাসের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে ১০০০ রান ও ৫০ উইকেটের অভিজাত তালিকায় ঢুকে যাবে তাঁর নাম।
পাকিস্তানের শহীদ আফ্রিদি এখন পর্যন্ত ৯৪টি টি-টোয়েন্টি খেলে ১৭.৭৭ গড়ে ১৩১৫ রান করেছেন আফ্রিদি। ২৪.১১ গড়ে তাঁর উইকেট ৯৩টি। ২০১৩ সালের ডিসেম্বরে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে ১০০০ রান ও ৫০ উইকেটের ‘ডাবল’ হয় তাঁর। যেটি অর্জন করতে আফ্রিদিকে খেলতে হয়েছিল ৬৯ ম্যাচ। এক্ষেত্রে সাকিব আফ্রিদি থেকে অনেক অনেক এগিয়ে।
সাকিব আফ্রিদির চেয়ে অনেক কম ম্যাচ খেলেই এই অভিজাত তালিকায় নাম লেখাতে পারেন। এখন পর্যন্ত ৪৬ টি-টোয়েন্টি খেলে ২০.৫৪ গড়ে ৫৫ উইকেট তাঁর, ইকোনমি ৬.৬১।
গত ২২ জানুয়ারি খুলনায় জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের চতুর্থ ম্যাচে প্রথম বাংলাদেশি হিসেবে টি-টোয়েন্টিতে ৫০ উইকেট পান সাকিব। ব্যাট হাতে অবশ্য সময়টা খুব একটা ভালো যাচ্ছে না তাঁর। এশিয়া কাপে ভারতের বিপক্ষে প্রথম ম্যাচেই টি-টোয়েন্টি ক্যারিয়ারের ৯০০ রানের মাইলফলক ছুঁয়েছেন। পরের তিনটি ম্যাচ মিলিয়ে তাঁর টি-টোয়েন্টি ক্যারিয়ারের মোট রান এখন ৯৫৩।
এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে হাজার রান করতে পেরেছেন মাত্র ২৪ জন ব্যাটসম্যান। আজ ৪৭ রান করলেই ২৫তম খেলোয়াড় ও প্রথম বাংলাদেশি হিসেবে হাজার রান হয়ে যাবে সাকিবের। হয়ে যাবে ১০০০ হাজার রান ও ৫০ উইকেটের ‘ডাবল’ও।