Sylhet Today 24 PRINT

অবশেষে আরাধ্য জয় পেলো ইংল্যাণ্ড

স্কটল্যাণ্ডকে হারিয়েছে ১১৯ রানের ব্যবধানে

স্পোর্টস ডেস্ক |  ২৩ ফেব্রুয়ারী, ২০১৫

বিশ্বকাপ শুরুর পর জিততে ভুলেই গিয়েছিল ইংল্যাণ্ড। অস্ট্রেলিয়া আর নিউজিল্যাণ্ডের হারে হারের পর বিশ্বকাপে তাদের সম্ভাবনা নিয়ে যখন প্রশ্ন দেখা দিয়েছিল তখন দূর্বল প্রতিপক্ষ স্কটল্যাণ্ডের বিপক্ষে বিশ্বকাপে পেলো আরাধ্য এক জয়। ফলে এখনই বিশ্বকাপ থেকে ছিটকে পড়ছে না তারা।

পুল এ’র গুরুত্বপূর্ণ ম্যাচে স্কটল্যান্ডকে ১১৯ রানে হারিয়ে এবারের বিশ্বকাপের প্রথম জয় পেয়েছে ইংলিশরা। ফলে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেওয়ার লড়াইয়ে টিকে রইলো ইংল্যান্ড।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে মঈন আলীর সেঞ্চুরিতে আট উইকেটে ৩০৩ রান সংগ্রহ করে ইংল্যান্ড। ৩০৪ রানের টার্গেট তাড়া করতে নেমে ৪২.২ ওভারে মাত্র ১৮৪ রানে অলআউট হয়ে যায় দুর্বল স্কটিশরা।

এদিন জয়ের লক্ষ্যে খেলতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে স্কটল্যান্ড। তবে একপ্রান্তে আগলে রেখে লড়ে যান ওপেনার কায়েল কোয়েটজার। তবে ডানহাতি এ ব্যাটসম্যান ব্যক্তিগত ৭১ রানে আউট হলে বিপর্যয়ে পড়ে দলটি।

মাঝে অধিনায়ক প্রিস্টন মোমেসন ও ম্যাথিউ ক্রস কিছুটা প্রতিরোধ করার চেষ্টা করলেও তা শুধুমাত্র ব্যাবধানই কমাতে পেরেছে। ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নেন স্টিভেন ফিন। এছাড়া দুটি করে উইকেট নিয়েছেন মঈন আলী, জেমস অ্যান্ডারসন ও ক্রিস ওকস।

এর আগে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে মঈন ও ইয়ান বেলর বিশ্বকাপে ইংল্যান্ডের হয়ে ওপেনিংয়ে সর্বোচ্চ রানের জুটি গড়েন। তারা দু’জনে মিলে ১৭২ রানের জুটি গড়ে দলের মজবুত ভিত গড়ে দেন। পাশাপাশি বিশ্বকাপে নিজের প্রথম সেঞ্চুরি তুলে নেন মঈন। তিনি ১০৭ বলে ১২ চার ও পাঁচ ছয়ে ১২৮ রান করে প্যাভিলিওনে ফিরেন।

এছাড়া বেলের ব্যাট থেকে আসে আরো ৫৪ রান। আর শেষ দিকে অধিনায়ক ইয়ন মরগান ৪৬ রান করলে তিনশ রান পার করে ইংল্যান্ড। স্কটল্যান্ডের হয়ে সর্বোচ্চ চারটি উইকেট পেয়েছেন জস ডেভি।

আর ম্যাচ সেরার পুরস্কার ওঠে সেঞ্চুরি ও দুই উইকেট পাওয়া মঈন আলীর হাতে।

 

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.