Sylhet Today 24 PRINT

বাংলাদেশকে হারানোর ক্ষমতা ইংল্যাণ্ডের নেই- জিওফ্রে বয়কট

স্পোর্টস ডেস্ক |  ২৩ ফেব্রুয়ারী, ২০১৫

ঠোঁটকাটা স্বভাব আছে তাঁর। যা মুখে আসে তা-ই বলে দেন সরাসরি। সমালোচনা করলে একেবারে হাড়শুদ্ধ সমালোচনা করেন আর প্রশংসা করলে করেন মেপে মেপে। তিনি জিওফ্রে বয়কট, ইংল্যাণ্ডের কিংবদন্তি ক্রিকেটার। মুখ খুলেছেন এবার বাংলাদেশ-ইংল্যাণ্ড ম্যাচ নিয়ে।

জিওফ্রে বয়কট বাংলাদেশ-ইংল্যাণ্ডের মধ্যকার ম্যাচ নিয়ে এগিয়ে রাখছেন বাংলাদেশকে। জানালেন- ২০১১ বিশ্বকাপের পুনরাবৃত্তি হতে যাচ্ছে এবারও। এই বিশ্বকাপেও বাংলাদেশ হারিয়ে দেবে ইংল্যাণ্ডকে। দুই দলের সাম্প্রতিক ফর্ম আর খেলোয়াড়দের সামর্থের কথা বিবেচনা করে বললেন- বাংলাদেশকে হারানোর ক্ষমতা ইংল্যাণ্ডের নেই।

আসলে, এবারের বিশ্বকাপে ইংল্যান্ডের পারফরমেন্স দেখে রীতিমতো বিরক্ত বয়কট। গত শুক্রবার নিউজিল্যান্ডের কাছে অসহায় আত্মসমর্পণের পর ইংল্যান্ডের ক্রিকেটারদের সমালোচনায় ভরিয়ে দিয়েছেন তিনি। 

বললেন, ‘আমাদের ক্রিকেটাররা নিজেদের যতটা দক্ষ ভাবে, ওরা মোটেই ততটা ভাল নয়৷‌ কিছুদিন আগে মর্গান সম্পর্কে এই কথাটা বলেছিলাম। এখন দেখছি, ইংল্যান্ড দলের ক্ষেত্রেও কথাটা খাটে৷‌ নিউজিল্যান্ডের বিরুদ্ধে মাত্র ১৯ রানে আমাদের শেষ ৭ উইকেট পড়েছে। পিচটা মোটেই ঘাসে ঢাকা ছিল না। বোলাররা খুব বেশি সুইংও পায়নি। আরামসে ২৭০ তোলা যেত৷‌ ইংল্যান্ড হয়ত এর পরও কোয়ার্টার ফাইনালে যাবে। স্কটল্যান্ড, বাংলাদেশ, আফগানিস্তানকে হারালে শেষ আটের টিকিট পাওয়া যাবে। তবে সেটা নিয়েও আশঙ্কা আছে। কারণ, কোনও ঠিকঠাক দলকে হারানোর ক্ষমতা ওদের নেই।’

 

 

 

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.